ফ্লাইটের মধ্যেই অশ্রাব্য ভাষা, সতর্ক করতেই কেবিন ক্রু'র হাতে কামড়ে দিলেন যাত্রী, তার পর…
মাঝ আকাশে ফ্লাইটের মধ্যেই কেবিন ক্রু’র হাতে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমেরিকার ডালাসগামী কোয়ান্টাসের একটি ফ্লাইটে ঘটেছে এই ঘটনা। ওই যাত্রীর অশোভন আচরণের জেরে মাঝপথে ফ্লাইট ঘুরিয়ে তাহিতিতে ল্যান্ড করানো হয়। সম্প্রতি এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
কোয়ান্টাসের QF21 ফ্লাইটটি প্রায় ১৮ ঘণ্টার দীর্ঘ যাত্রার জন্য উড়েছিল। ফ্লাইট ট্র্যাকিং-এর তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটার সময়ে গন্তব্যে পৌঁছতে আরও প্রায় ১১ ঘণ্টা বাকি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফ্লাইটটি ফ্রান্সের অধীনে থাকা তাহিতি-র রাজধানী পাপিতে-তে নামানো হয়।
ঘটনার সময়ে স্ট্যান্ড-আপ কমেডিয়ান মাইক গোল্ডস্টিন ওই উড়ানেই ছিলেন। তিনি ইনস্টাগ্রামে ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায়, ওই যাত্রী টলতে টলতে শৌচাগার থেকে বেরিয়ে এক কেবিন ক্রু’র সঙ্গে তর্ক করছেন এবং অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন। ওই ক্রু তাঁকে বলেন, ‘ভদ্র ভাবে কথা বলুন, শিশুরাও রয়েছে। নিজেকে সামলে চলতে হবে।’
ভিডিয়োতে ওই যাত্রীকে অসংলগ্ন কথা বলতেও শোনা যায়। তিনি সিগারেট খেতে যেতে চেয়েছিলেন। তখন তাঁকে সতর্ক করে বলা হয় যে, প্রয়োজন হলে বেঁধে রাখা হতে পারে। এর পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
উড়ান পাপিতে-তে নামার পর স্থানীয় পুলিশ ওই যাত্রীকে গ্রেপ্তার করেছে।সংবাদমাধ্যমের দাবি, কোয়ান্টাস গ্রুপের সব ফ্লাইটে ওই যাত্রীর সফরের উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কোয়ান্টাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘যাত্রী ও কেবিন ক্রু’দের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। উড়ানে বিশৃঙ্খল আচরণের ক্ষেত্রে আমাদের জ়িরো টলারেন্স নীতি রয়েছে।’ গত মাসেও কোয়ান্টাসের অন্য একটি উড়ানে একই ধরনের ঘটনায় এক যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। যদিও কামড়ানোর কোনও ভিডিয়ো এখনও সামনে আসেনি।