FIR খারিজের আর্জি নিয়ে হাইকোর্টে অভিষেক, মঙ্গলেই শুনানির সম্ভাবনা - 24 Ghanta Bangla News
Home

FIR খারিজের আর্জি নিয়ে হাইকোর্টে অভিষেক, মঙ্গলেই শুনানির সম্ভাবনা

Spread the love

বিধানসভা ভোটের প্রচারে ‘উসকানিমূলক’ মন্তব্য করার অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় FIR দায়ের হয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এ বার এই FIR খারিজের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। আদালত সূত্রে খবর, মঙ্গলবার (১৯ মে) বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হতে পারে। আদালতে অভিষেকের পক্ষে সওয়াল করবেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং অর্ককুমার নাগ।

গত ১৬ মে রাজীব সরকার নামে বাগুইআটির এক বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই FIR দায়ের হয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। অভিযোগপত্রে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা, হুগলির আরামবাগ, নদিয়ার হরিণঘাটা এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দেওয়া অভিষেকের বেশ কয়েকটি ভাষণের উল্লেখ রয়েছে।

রাজীব সরকারের অভিযোগ, ভোটের প্রচারের সময়ে ‘অভিষেক ব্যানার্জি অফিশিয়াল’ ফেসবুক পেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে যা প্ররোচনামূলক। ওই বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে সরাসরি হিংসায় উসকানি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। রয়েছে বিরোধীদের ভয় দেখানোর অভিযোগও। সব মিলিয়ে ভারতীয় ন্যায় সংহিতা ও জনপ্রতিনিধিত্ব আইনের মোট ছ’টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দু’টি জামিন অযোগ্য ধারাও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই মামলা রাজনৈতিক ও আইনি দুই দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারের বা পুলিশের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে হাইকোর্টে এই আইনি আবেদনের মাধ্যমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পাল্টা লড়াইয়ের পথেই হাঁটলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাতে কতটা কাজ হয়, এখন সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *