মাছ-ভাতে বিজেপির জয় নিয়ে মাতলেন রানাউলরা - 24 Ghanta Bangla News
Home

মাছ-ভাতে বিজেপির জয় নিয়ে মাতলেন রানাউলরা

Spread the love

এই সময়, মালদা: মালদায় তৃণমূলের ফল খুব খারাপ হয়নি। অনেক জেলায় যেমন ঘাসফুল ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে, এই জেলায় তা হয়নি। জেলার ১২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ছ’টি। মালদায় সংখ্যালঘুদের একটা বড় অংশ এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকার সংখ্যালঘুরা নিজেরা উদ্যোগী হয়ে গোটা গ্রামকে মাছ-ভাত খাওয়ালেন। সঙ্গে ছিল পনির, আলুভাজা ডাল, বেগুনি, মিষ্টি, আইসক্রিম। একদল সংখ্যালঘু অরাজনৈতিক মানুষের এমন আয়োজন দেখে অনেকেরই চোখ কপালে ওঠে।

এদিনের মধ্যাহ্নভোজের এক আয়োজক জহুরপুর গ্রামের বাসিন্দা সাফিউল হক বলেন, ‘দীর্ঘদিন ধরেই তৃণমূলের একাংশের কাজ আমাদের মতো অরাজনৈতিক মানুষদের ক্ষেপিয়ে তুলেছিল। বিজেপি মানেই খারাপ, সেটা এতদিন ওরা বলে আসছিল। কিন্তু আমরা মনে করি, এই দলটা খারাপ নয়। অনেক উন্নয়ন হবে, যাতে সংখ্যালঘুরাও বাদ যাবে না। তার প্রথম হাতিয়ার হলো অন্নপূর্ণার ভান্ডার। জাতিভেদ নির্বিশেষে সবাই টাকা পাবেন।’ আর এক আয়োজক মহম্মদ রানাউল ইসলাম বলেন, ‘সমাজে একাংশের চোখরাঙানির ভয়ে প্রকাশ্যে অনেকেই এই দলকে সমর্থন করতে পারেনি। আজ বিজেপি ক্ষমতায় এসেছে। আমাদের এলাকার অসংখ্য সংখ্যালঘু এই মাছ ভাতের আয়োজনে সামিল হয়েছেন। আমরা উন্নয়ন চাই। আশা করছি সেটা এবার হবে।’

এদিকে এই ঘটনার বিষয় নিয়ে বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘তৃণমূল এতদিন একচ্ছত্র স্বৈরাচারী শাসন চালিয়েছে। ওদের সন্ত্রাস, দুর্নীতির কোনও সীমা ছিল না। একশ্রেণির মানুষ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। এখন বিজেপি ক্ষমতায় আসায় মাছ-ভাত খেয়ে সবাই আনন্দ করছেন।’ তৃণমূলের জেলার মুখপাত্র শুভময় বসু বলেন, ‘কিছু মানুষ আছেন যারা সুবিধাভোগী। নিজেদের ধান্দার জন্য কে কোথায় কী উৎসব করল, তাতে আমাদের কিছু বলার নেই।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *