বিশ্বকাপের আগে বড় ধাক্কা, হাড় ভাঙল বার্সা তারকার, মাথায় হাত স্পেনের - 24 Ghanta Bangla News
Home

বিশ্বকাপের আগে বড় ধাক্কা, হাড় ভাঙল বার্সা তারকার, মাথায় হাত স্পেনের

Spread the love

বিশ্বকাপ শুরু হতে বাকি আর ২৪ দিন। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দলগুলি। এমন আবহে বড় ধাক্কা খেল স্পেন। চোটের জন্য বার্সেলোনার হয়ে গোটা মরশুম ছিটকে গিয়েছেন লামিনে ইয়ামাল। বিশ্বকাপের প্রাথমিক পর্বের ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত। এ বার চোটের তালিকায় নাম জুড়ল বার্সেলোনার আরও এক তরুণ তুর্কি ফের্মিন লোপেজ়ের। লা লিগায় রিয়াল বেতিসের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ফের্মিন লোপেজ়। এ বার বার্সেলোনার পক্ষ থেকে জানানো হলো বেশ কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকতে হবে তাঁকে। আদৌ খেলতে পারবেন বিশ্বকাপে?

ফের্মিন লোপেজ়ের চোটের আপডেট

রবিবার রাতে রিয়াল বেতিসের বিরুদ্ধে ম্যাচে নেমেছিল বার্সেলোনা। তবে চোট পাওয়ায় হাফ টাইমেই তাঁকে তুলে নিতে বাধ্য হন হেড কোচ হান্সি ফ্লিক। ফের্মিনকে নিয়ে তখনই বাড়ছিল আশঙ্কা। এ বার আনুষ্ঠানিক ভাবে মেডিক্যাল আপডেট জানানো হলো বার্সেলোনার পক্ষ থেকে। ওই রিপোর্টে বলা হয়েছে, ‘বার্সেলোনার প্রধান দলের প্লেয়ার ফের্মিন লোপেজ়ের ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হাড় ভেঙেছে বেতিসের বিরুদ্ধে ম্যাচে। সার্জারি করতে হবে তাঁর।’

বিশ্বকাপে নেই ফের্মিন?

একাধিক রিপোর্টে প্রকাশ, চার থেকে আট সপ্তাহের জন্য বাইরে থাকতে হবে ফের্মিনকে। সে ক্ষেত্রে বিশ্বকাপে খেলার আশা খুবই ক্ষীণ। তবে চোট সারিয়ে কবে ফিরবেন ফের্মিন, তা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি স্পেন বা বার্সেলোনা শিবির।

ফের্মিনের সাম্প্রতিক ফর্ম

বিশ্বকাপের জন্য স্পেনের প্রাথমিক স্কোয়াডে ফের্মিন ছিলেন। বার্সেলোনার হয়ে দারুণ ছন্দে ছিলেন তিনি। তাই চূড়ান্ত স্কোয়াডে ডাক পাওয়ার সম্ভাবনাও ছিল। চলতি মরশুমে বার্সার হয়ে ফর্মে ছিলেন। এই মরশুমে বার্সার হয়ে ৪৮ ম্যাচ খেলে ১৩টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। তাই ফের্মিন খেলতে না পারলে চাপ বাড়বে স্পেনের। এখন দেখার চোট সারিয়ে এই তরুণ মিডফিল্ডার বিশ্বকাপের আগে ফিট হতে পারেন কি না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *