নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নিয়ে জেলায় তৃণমূল
এই সময়: তৃণমূলের তিনটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রবিবার তিনটি জেলায় নিহত জোড়াফুল কর্মীর পরিজনদের সঙ্গে সাক্ষাৎ, দখল হওয়া পার্টি অফিস পরিদর্শন, ভাঙচুর হওয়া নেতা–কর্মীদের বাড়িতে গিয়েছে। সুস্মিতা দেব, সাজদা আহমেদের নেতৃত্বাধীন একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের খোলাঘাটাতে যায়। বিধানসভা নির্বাচনের ভোটের ফল প্রকাশের পর তৃণমূলের কর্মী অসীম রায় এখানে খুন হন। সুস্মিতারা প্রয়াত অসীমের বাড়িতে গিয়ে তাঁর পরিজনদের সঙ্গে কথা বলেন। অসীমের পরিজনদের অভিযোগ পুলিশ কোনও খুনের মামলা রজু করতে চায়নি। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে–ও অসীমের পরিজনের বক্তব্য। অসীমের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের শাস্তি দাবি করেছে পরিবারের সদস্যরা।