টাকার অভাবে ঠাঁই হয়নি হাসপাতালেও, ফুটপাত থেকে উদ্ধার প্রবীণ অভিনেত্রী - 24 Ghanta Bangla News
Home

টাকার অভাবে ঠাঁই হয়নি হাসপাতালেও, ফুটপাত থেকে উদ্ধার প্রবীণ অভিনেত্রী

Spread the love

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তেলুগু ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী পাভালা শ্যামালা। এই প্রবীণ অভিনেত্রী দীর্ঘদিন ধরেই চরম আর্থিক সঙ্কটের সঙ্গে লড়াই করছেন তিনি। চিকিৎসার জন্য হাসপাতালে গেলেও ভর্তি নেওয়া হয়নি অভিনেত্রীকে। হাসপাতালে জায়গা না পেয়ে রাস্তার ধারেই বসে পড়েন। অভিনেত্রীকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর ছড়াতেই প্রবীণ অভিনেত্রীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রযোজক দিল রাজু।

জানা গিয়েছে, হৃদ্‌রোগজনিত সমস্যার চিকিৎসার জন্য হায়দরাবাদের কুকাটপল্লির একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন তিনি। অভিযোগ, চিকিৎসার খরচ বহন করতে পারবেন না বুঝেই তাঁকে ভর্তি নেওয়া হয়নি। হাসপাতাল থেকেই একটি ট্যাক্সিতে তুলে দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু মাঝরাতে সেই ট্যাক্সিচালকও নাকি তাঁকে একটি মোড়ের কাছে নামিয়ে চলে যান। পরে পথচারীরা ফুটপাতে অসুস্থ অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে ‘একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেয়।

ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসেন তেলুগু ইন্ডাস্ট্রির অনেকেই। বিশেষ করে প্রযোজক এবং ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান দিল রাজু দ্রুত ব্যবস্থা নেন। তিনি নিজের টিমকে হাসপাতালে পাঠান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে শ্যামলার চিকিৎসার দায়িত্ব নেন।

‘আরকে ফাউন্ডেশন’-এর চিকিৎসক ডঃ রামকৃষ্ণ জানান, গত দু’-তিন বছর ধরে বিনামূল্যে সেখানেই চিকিৎসা চলছিল শ্যামলার। তবে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ না থাকায় তাঁকে অন্য হাসপাতালে যেতে হয়েছিল। দিল রাজুর টিমের তরফেও জানানো হয়েছে, আপাতত অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা কিছু প্রয়োজনীয় পরীক্ষা করতে বলেছেন এবং সেগুলির ব্যবস্থা করা হচ্ছে।

এরও আগে, ২০২১ সালে পরিচালক জুটি রাজ নিদিমেরু এবং কৃষ্ণা ডিকে সমাজমাধ্যমে শ্যামলার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তখন জানা যায়, অভিনেত্রীর মেয়ে যক্ষ্মায় আক্রান্ত। সংসার চালাতে এবং চিকিৎসার খরচ জোগাড় করতে নিজের পুরস্কার ও ট্রফিও বিক্রি করতে হয়েছিল তাঁকে। সেই সময় অনুদান সংগ্রহের জন্য ‘মিলাপ’ প্ল্যাটফর্মেও তহবিল গঠন করা হয়েছিল।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় ছবিতে কাজ করেছেন পাবলা শ্যামলা। বিশেষ করে কমেডি ও মধ্যবিত্ত গৃহিণীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। ‘গোলিমার’, ‘বর্ষম’, ‘অন্ধ্রায়ালা’-এর মতো ছবিতে তাঁর অভিনয় এখনও দর্শকদের মনে রয়েছে। তিনি কাজ করেছেন চিরঞ্জীবি, প্রভাস, জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন-এর মতো তারকাদের সঙ্গেও। ২০১৯ সালের ‘মাথু বদলারা’ ছিল তাঁর শেষ উল্লেখযোগ্য উপস্থিতিগুলির একটি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *