Mouni Roy Suraj Nambiar Instagram Follow: বিচ্ছেদে শিলমোহর দেওয়ার পর আবার কাছাকাছি মৌনী-সুরজ? | Patch Up or Just Social Media Courtesy? Mouni Roy and Suraj Nambiar Re Follow Each Other on Instagram Days After Separation Announcement
এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন তাঁরাImage Credit: tv9 network
সেলেব দুনিয়ার সম্পর্কের সমীকরণ বোঝা সাধারণ মানুষের পক্ষে সত্যিই বেশ কঠিন। এই রোদ, এই বৃষ্টি! কিছুদিন আগেই বিচ্ছেদের খবর দিয়ে অনুরাগীদের মন ভাঙলেন, আবার তার কয়েক দিন পরেই সোশাল মিডিয়ায় মাখামাখি। বলিপাড়ার বাঙালি কন্যা মৌনী রায় এবং তাঁর ব্যবসায়ী স্বামী সুরজ নাম্বিয়ারের সম্পর্কের জল এখন ঠিক কোন দিকে গড়াচ্ছে, তা নিয়ে নেটিজেনদের মনে এখন হাজার প্রশ্ন। মাত্র কয়েক দিন আগেই অফিশিয়াল বিবৃতি দিয়ে নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন এই দম্পতি। কিন্তু এর মধ্যেই ইনস্টাগ্রামে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন তাঁরা।
ডিজিটাল দুনিয়ার বাসিন্দাদের নজর এড়ানো যে সহজ নয়, তা আরও একবার প্রমাণিত হল। নেটিজেনরা খেয়াল করেছেন, বিচ্ছেদের খবরের রেশ কাটতে না কাটতেই ইনস্টাগ্রামে আবার একে অপরকে ফলো করতে শুরু করেছেন মৌনী ও সুরজ। অথচ, দিন কয়েক আগেই যখন তাঁদের ডিভোর্সের গুঞ্জন তুঙ্গে উঠেছিল, তখন দেখা গিয়েছিল দুজনেই একে অপরকে আনফলো করে দিয়েছেন। এমনকী, সুরজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সাময়িকভাবে উধাও হয়ে গিয়েছিল বলেও খবর। কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের সিলমোহর দেওয়ার পর, আচমকাই এই ‘রি-ফলো’র খেলা দেখে নেটজনতার চোখ চড়কগাছ। অনেকেই ভাবছেন, এটা কি তবে জোড়া লাগার ইঙ্গিত, নাকি শুধুই সৌজন্যের খাতিরে?
অবশ্য সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও মৌনীর ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা গিয়েছে অন্য চিত্র। বিয়ের একাধিক রঙিন মুহূর্ত এবং সুরজের সঙ্গে কাটানো পুরনো সমস্ত ছবি এখনও সযত্নে রেখে দিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে, সুরজের প্রোফাইলে অবশ্য মৌনীর সঙ্গে মাত্র একটি ছবিই অবশিষ্ট রয়েছে, তাও আবার সেখানে অভিনেত্রীর মুখ স্পষ্ট নয়। এই লুকোচুরির মাঝেই আবার নতুন করে এন্ট্রি নিয়েছেন মৌনীর প্রিয় বান্ধবী তথা বলিউড অভিনেত্রী দিশা পাটানি। নেটিজেনদের তীক্ষ্ণ নজর বলছে, দিশা কিন্তু সুরজকে নিজের ফলোলিস্ট থেকে ইতিমধ্যেই ছেঁটে ফেলেছেন। ফলে জল যে শুধু স্বামী-স্ত্রীর মধ্যেই ঘোলা হয়েছে, তা নয়!
২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ার সমুদ্র সৈকতে বসেছিল মৌনী- সুরজের রাজকীয় বিয়ের আসর। মালয়ালি এবং বাঙালি এই দুই রীতি মেনেই সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। দুবাইয়ের ব্যবসায়ী ও ইনভেসমেন্ট ব্যাঙ্কার সুরজের সঙ্গে মৌনীর রূপকথার মত প্রেম নিয়ে এক সময় চর্চা কম হয়নি। ‘নাগিন’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশন দুনিয়ায় রাজত্ব করার পর ‘ব্রহ্মাস্ত্র’ বা ‘গোল্ড’-এর মতো ছবির মাধ্যমে বলিউডেও নিজের মাটি শক্ত করেছেন মৌনী। কিন্তু বিয়ের মাত্র চার বছরের মাথায় এমন কী ঘটল যে রূপকথার গল্পে ইতি টানতে হল, তা নিয়ে জল্পনার শেষ নেই। মৌনী নিজে অবশ্য সংবাদমাধ্যমকে অতিরিক্ত জল্পনা না করার এবং এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করেছেন। তবে ইনস্টাগ্রামের এই নতুন সমীকরণ তাঁদের সম্পর্কের কোন নতুন মোড় নিয়ে আসে, সেটাই এখন দেখার।