ISL 2026, Mohunbagan vs Eastbengal: মহারণের আগে কোন কোন জায়গায় পিছিয়ে মোহনবাগান? | Strength and Weakness of Mohunbagan Supergiant before the epic clash in ISL
কলকাতা : বহুদিন পর কোনও ডার্বি (Kolkata Derby) নিয়ে উত্তেজনায় কাঁপছে গোটা শহর। নাহলে বিগত কয়েকটি ডার্বিতে জিতে এসেছে সবুজ-মেরুনই (Mohunbagan Supergiant)। হুয়ান ফেরান্দো হোক বা হাবাস বা সাম্প্রতিক সময়ের হোসে মোলিনা – তিনজনের একটাই মিল, তিনজনেই আইএসএল (ISL 2026) ডার্বি হারেননি কোনওদিন। আজ সেই দলে নাম লেখাতে চাইবেন বাগানের বর্তমান কোচ সের্জিও লোবেরাও (Sergio Lobera)। কিন্তু এই প্রথমবার আইএসএলে ডার্বির আগে মোহনবাগান স্রেফ ‘কাগুজে বাঘ’। কারণ, ধারে-ভারে, সবেতেই এগিয়ে লাল-হলুদ (East Bengal)। একনজরে দেখে নেওয়া যাক মোহনবাগানের শক্তি কোথায়, তাদের কোন কোন দুর্বলতাকে কাজে লাগাবে লাল হলুদ ম্যানেজমেন্ট?
শক্তি :-
১) দলে একাধিক ম্যাচ উইনার –
বাগান দলে ম্যাচ উইনারের সংখ্যা অনেক। জেমি ম্যাকলারেন থেকে কামিন্স, যেকোনও মুহূর্তে গোল করে ম্যাচের রং বদলে দিতে পারেন।
২) শক্তিশালী উইং –
বাগানের উইংয়ের দায়িত্ব সামলাবেন লিস্টন কোলাসো এবং মনভীর সিং। বাঁদিক থেকে লিস্টনের উঠে আসা বিপদ বাড়াবে লাল-হলুদ ডিফেন্সে। তেমনই মনভীরও বিপক্ষকে কাটিয়ে গোলের সুযোগ করে নিতে জানেন।
৩) শক্তিশালী ডিফেন্স –
বাগানের ডিফেন্স যথেষ্ট শক্তিশালী। আলবার্তো, আলড্রেড, শুভাশিসরা এই সিজনে নিজেদের মেলে ধরেছেন ফলে গোটা সিজনে আপাতত সবথেকে কম গোল খেয়েছে বাগান ডিফেন্স।
৪) ডেড বল সিচুয়েশনে সফলতা –
বাগানের আরও একটা সফল দিক, ফ্রি কিক থেকে সফলতা। সব ফ্রি কিকে গোল না হলেও গোলের সুযোগ বাড়াতে সক্ষম হয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। কামিন্স, লিস্টনরা গোলের খাতা খোলার চেষ্টা করতে পারেন।
দুর্বলতা:-
১) ফিটনেস সমস্যা –
বাগানের প্রধান সমস্যা এই বছর ফিটনেস। এর ফলেই ৬০-৭০ মিনিটের পর ভুগছেন কামিন্স-দিমিরা। যে সমস্যার ফায়দা তুলছে বিপক্ষ দল।
২) অতিরিক্ত ম্যাকলারেন নির্ভরতা-
মোহনবাগান আক্রমণের সময় খুব বেশি ম্যাকলারেন নির্ভর। ফলে, কোনও ম্যাচে ‘মেক্কা’ না চললে গোলের খাতা খুলতে দেরি করছে বাগান দল। একই সঙ্গে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে যোগ দিয়েছে দিমি, কামিন্সের অফ ফর্ম। দিমিরা চেষ্টা করে চললেও সেই ভাবে সফল হচ্ছেন না, যা চিন্তার কারণ লোবেরার কাছে।
৩) দুর্বল মাঝমাঠ-
গত সিজনে তাও দলে ছিলেন গ্রেগ স্টুয়ার্ট, যিনি প্রায় একার দমে বাগানের মাঝমাঠকে টেনে নিয়ে গিয়েছিলেন। এবার তাঁর না থাকার ফলে মাঝমাঠে ভুগছে মোহনবাগান। আপুইয়া, থাপারা ভুল করলে তার ফল ভুগছে দল।
আইএসএলের অন্যতম সফল দল হিসেবে পরিচিত মোহনবাগান। এই বছর ট্রফি জয়ের জন্য আজকের ম্যাচই ‘ফাইনাল’ হিসেবে গণ্য করা হচ্ছে। আজ জিতলেই মোলিনা, হাবাসদের জুতোয় পা গলাবেন লোবেরা। আজকের ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই নিঃশেষিত। সম্পূর্ণ হাউসফুল ম্যাচ উপভোগ করতে চলেছেন দর্শকরা। ৬২ হাজারি দর্শকের সামনে আজ টুটু বসুর সম্মানার্থে জিততে চায় মোহনবাগান, সোশ্যাল মিডিয়াতে এমনই বার্তা দিয়েছে বাগান দল। কিন্তু, ইস্টবেঙ্গলও যে ছেড়ে দেবে না, একথা ভাল করেই জানেন লোবেরা।