ডার্বি জিতে আইএসএল নিশ্চিত করার চ্যালেঞ্জ, নজরে দুই প্রধানের একাদশ
আইএসএল খেতাবের ভাগ্য নির্ধারণী ডার্বিতে (Kolkata Derby) দল সাজাল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তিন পয়েন্ট পেলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার সুযোগ দুই প্রধানের সামনে।
সায়ন সেনগুপ্ত, কলকাতা: তিরিশ মিনিট ও বাকি নেই। তারপরেই শুরু হবে এবারের ইন্ডিয়ান সুপার লিগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। যে ম্যাচের অপেক্ষায় রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীরা। তবে অন্যান্য ডার্বির তুলনায় এবারের এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি। আসলে আজকের ম্যাচ থেকে তিন পয়েন্ট এলেই খেতাব নিশ্চিত হয়ে যাবে সেই দলের। সব দিক মাথায় রেখেই এবার দল সাজিয়েছে দুই প্রধানের হেড স্যার তথা সার্জিও লোবেরা এবং অস্কার ব্রুজো। একদিকে যেমন খেতাব জয়ের ধারা বজায় রাখার টার্গেট অন্যদিকে রয়েছে প্রথমবারের মতো এই লিগ চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ।
অন্যান্য দিনের মতো আজ ও বাগানের গোলরক্ষক হিসেবে থাকছেন বিশাল কাইথ। রক্ষণভাগে থাকছেন টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ, অভিষেক সিং টেকচাম এবং অধিনায়ক শুভাশিস বসু। মাঝমাঠে থাকছেন অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, অপুইয়া। দুই উইংয়ে থাকছেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং। ফরোয়ার্ডে থাকছেন জেমি ম্যাকলারেন। রিজার্ভে শুরু করছেন দিমিত্রি পেত্রাতোস, রবসন রবিনহো, জেসন কামিন্স ও মেহেতাব সিংয়ের মতো ফুটবলাররা। অপরদিকে, লাল-হলুদের গোলরক্ষক হিসেবে থাকছেন প্রভসুখান সিং গিল। ডিফেন্সে থাকছেন আনোয়ার আলি, কেভিন সিবিলে, মহম্মদ রাওকিপ, ও জয় গুপ্তা।
মাঝমাঠে থাকছেন মিগুয়েল ফেরেইরা, জিকসন সিং, মহম্মদ রশিদ, বিপিন সিং। উপরে খেলতে চলেছেন পিভি বিষ্ণু এবং অ্যান্টন সোজবার্গ। আপাতত রিজার্ভে থেকেই শুরু করছেন এডমুন্ড লালরিন্ডিকা থেকে শুরু করে ইউসেফ ইজ্জেজারি, ডেভিড লালহানসাঙ্গা, প্রভাত লাকরার মতো ফুটবলাররা। প্রয়োজনে তাঁদের মাঠে নামাবেন কোচ।