ইরানে আবার বিধ্বংসী হামলারই হুমকি দিলেন ট্রাম্প?
আমেরিকার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম এশিয়ার গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরানে আবার সামরিক অভিযান করার দিকেই বেশি ঝুঁকে রয়েছেন আমেরিকা এবং ইজ়রায়েলের প্রশাসনিক আধিকারিকেরা। রিপোর্ট অনুযায়ী, আমেরিকার আধিকারিকেরা সেই অভিযানের নামকরণও করে ফেলেছেন— ‘এপিক ফিউরি ২.০’। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ইরানে যে অভিযান চালিয়েছিল আমেরিকার সেনা, তার নাম ছিল ‘এপিক ফিউরি’।
চিন সফরে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান নিয়ে তাঁর সঙ্গে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথা হয়েছে। কিন্তু কী কথা হয়েছে, তা স্পষ্ট করেননি আমেরিকার প্রেসিডেন্ট। কৌশলগত দিক দিয়ে চিন ইরানের সহযোগী দেশ। তারাও চায় হরমুজ় দিয়ে অবাধে যাতায়াত করুক বাণিজ্যিক জাহাজ, যাতে তাদের জ্বালানি আমদানিতে কোনও সমস্যা না হয়। কিন্তু তার জন্য কি তেহরানে সামরিক অভিযানে সায় আছে বেজিংয়ের? চিন অবশ্যে ইরান প্রশ্নে মুখই খোলেনি। কিন্তু সেই দেশ থেকে ফেরার পরেই ইরানের ব্যাপারে ট্রাম্পের আবার আক্রমণাত্মক হয়ে ওঠা চিনের অবস্থান নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে বলেই মত অনেকের।