PM Matru Vandana Yojana: সন্তান জন্মালেই মোটা টাকা দেয় সরকার, কীভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায়? | PM Matru Vandana Yojana: How New Mothers Can Get Government Cash Benefits After Childbirth
কীভাবে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় আবেদন করবেন?Image Credit: TV9 বাংলা
কলকাতা: বাচ্চা থেকে বড়, প্রবীণ নাগরিক-সকলের জন্যই রয়েছে নানা প্রকল্প রয়েছে কেন্দ্র সরকারের। স্বাস্থ্য সংক্রান্ত একাধিক প্রকল্পও রয়েছে। এমনই একটি প্রকল্প বা যোজনা হল প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (Pradhan Mantri Matru Vandana Yojana)। এই স্কিমের অধীনে গর্ভবতী ও প্রসূতি মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
যেহেতু গর্ভাবস্থায় অনেকেই কাজ করতে পারেন না, আয় কমে যায় বা আয় হারান, তার জন্যই কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্যের উদ্যোগ নিয়েছে। প্রথম সন্তানের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা এবং দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয়, তাহলে ছয় হাজার টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে।
আর্থিক সহায়তা-
ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার (DBT) সিস্টেমের মাধ্যমে আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হয়।
প্রথম সন্তান-
কোনও দম্পতির যদি প্রথম সন্তান হয়, তাহলে সরকারের তরফে ৫ হাজার টাকা দেওয়া হয়। দুই কিস্তিতে এই টাকা দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রে প্রেগন্যান্সির রেজিস্ট্রেশনের সময় ৩ হাজার টাকা দেওয়া হয়। সন্তান জন্মের পর এবং নবজাতকের টিকাকরণের প্রথম সাইকেল পূর্ণ হওয়ার পর বাকি ২ হাজার টাকা দেওয়া হয়।
দ্বিতীয় সন্তান-
কারোর দ্বিতীয় সন্তান হলে কেন্দ্রের তরফে এই যোজনায় ৬ হাজার টাকা দেওয়া হয়। এক কিস্তিতেই এই টাকা দেওয়া হয়। দ্বিতীয় সন্তান যদি কন্যা হয়, তাহলে প্রসবের পর ৬ হাজার টা্কা দেওয়া হয়।
যোগ্য়তা-
- এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পেতে
- আবেদনকারীকে অবশ্যই ১৯ বছর বয়সী হতে হবে।
- গর্ভবতী বা প্রসূতি হতে হবে।
- কর্মরত হতে হবে এবং গর্ভাবস্থার কারণে আয় কমে যাবে।
শর্ত–
যদি গর্ভবতী মহিলা কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি কর্মী হন, কিংবা সরকার অধীনস্থ সংস্থায় কাজ করেন, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।
প্রয়োজনীয় নথি-
- গর্ভবতী মহিলা বা প্রসূতি মায়ের আধার কার্ড
- মা ও শিশু সুরক্ষা কার্ড
- ব্য়াঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক
কীভাবে আবেদন করবেন?
যোগ্য আবেদনকারীরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা সরকারি স্বীকৃত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আবেদন করতে পারেন। এছাড়া PMMVY Portal- এ গিয়েও আবেদন করতে পারেন।