KKR ম্যাচে বড় ধাক্কা খেল GT, হাতে বরফ চেপে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন সাই
শনিবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে রান তাড়া করতে নেমে বড় ধাক্কা খেল গুজরাট টাইটান্স (GT)। IPL-এ কলকাতার ম্যাচে GT-র ওপেনার সাই সুদর্শন (Sai Sudharsan) চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ম্যাচের মাঝপথে তাঁর এই চোট গুজরাটের ইনিংসকে আরও কঠিন করে তোলে।
ব্যাট করতে গিয়ে চোট পান সাই সুদর্শন
কার্তিক ত্যাগীর (Kartik Tyagi) করা তৃতীয় ওভারের শেষ বলেই এই ঘটনা ঘটে। শর্ট অফ লেন্থ বল ছিল, সেটিকে পুল শট মারতে যান সাই সুদর্শন। কিন্তু শট ঠিক মতো টাইম না হওয়ায় বল সরাসরি তাঁর বাঁ কনুইয়ে লাগে। ব্যথা পেলেও তিনি কোনও ভাবে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে একটি রান নেন।
রান নেওয়ার পরই তিনি মাটিতে বসে পড়েন এবং স্পষ্ট বোঝা যায় যে, তিনি খুব কষ্ট পাচ্ছেন। সঙ্গে সঙ্গে গ্লাভস খুলে ফেলেন এবং চিকিৎসার জন্য ডাক পড়ে। ফিজিও দ্রুত মাঠে আসেন এবং তাঁর বাঁ কনুইয়ে আইস প্যাক দেওয়া হয়। কিছুক্ষণ দেখার পর তাঁকে মাঠ ছাড়তে হয়। তিনি রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান। এই সময় জস বাটলার (Jos Buttler) ব্যাট করতে প্রস্তুত থাকলেও শেষ পর্যন্ত নামেন নিশান্ত সিন্ধু (Nishant Sindhu)।