সুযোগ না পেয়েই হারাচ্ছেন তরুণরা? দিল্লি শিবিরে অক্ষরকে ঘিরে প্রশ্ন - 24 Ghanta Bangla News
Home

সুযোগ না পেয়েই হারাচ্ছেন তরুণরা? দিল্লি শিবিরে অক্ষরকে ঘিরে প্রশ্ন

Spread the love

হতাশাজনক মরশুমের পর দিল্লি ক্যাপিটালসের দল নির্বাচন ও নেতৃত্ব নিয়ে সমালোচনা বাড়ছে। তরুণদের ব্যবহার নিয়েও উঠছে বড় প্রশ্ন।

আইপিএল ২০২৬ মরশুমে দিল্লি ক্যাপিটালসের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে চারদিকে। প্লে-অফের দৌড়ে এখনও অঙ্কের হিসেবে তারা বেঁচে থাকলেও বাস্তবে শেষ চারে পৌঁছনোর রাস্তা অত্যন্ত কঠিন। ১২ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে তালিকার নীচের দিকে থাকা দিল্লি আবারও প্রমাণ করেছে, দল হিসেবে তারা এখনও স্থিরতা খুঁজে পাচ্ছে না। শুধু এ বছর নয়, গত কয়েকটি মরশুম ধরেই একই সমস্যায় ভুগছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে আগামী মরশুমের আগে বড় পরিবর্তনের পথে হাঁটতে পারে ম্যানেজমেন্ট।

সবচেয়ে বেশি চর্চায় রয়েছে অধিনায়ক অক্ষর প্যাটেলের ভবিষ্যৎ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আগামী মরশুমে তাঁকে আর দলের নেতা হিসেবে দেখা নাও যেতে পারে। কারণ, অধিনায়ক এবং অলরাউন্ডার—, দুই ভূমিকাতেই তিনি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। মাঠে তাঁর সিদ্ধান্ত গ্রহণ থেকে ব্যক্তিগত পারফরম্যান্স, সব কিছু নিয়েই উঠছে প্রশ্ন। ব্যাট হাতে চলতি মরশুমে একেবারেই ছন্দে ছিলেন না অক্ষর।

নয়টি ইনিংসে তিনি করেছেন মাত্র ১০০ রান। স্ট্রাইক রেটও ছিল অত্যন্ত সাধারণ মানের। একটি ম্যাচে অর্ধশতরান করলেও বাকি ইনিংসগুলিতে তাঁর অবদান খুবই কম। মিডল অর্ডারে দায়িত্ব নিয়ে দলকে টেনে তোলার বদলে বেশির ভাগ সময়েই ব্যর্থ হয়েছেন তিনি। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ বেড়েছে দলের উপর।

বোলিংয়েও ধারাবাহিকতা দেখা যায়নি। ১২ ম্যাচে মাত্র ১০টি উইকেট নিয়েছেন অক্ষর। আরও বড় বিষয় হল, তিনি নিজের পূর্ণ কোটার ওভার অনেক সময় ব্যবহার করেননি। বেশ কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে এগিয়ে না আসায় সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, একজন অধিনায়কের কাছ থেকে যে লড়াকু মানসিকতা আশা করা হয়, তা এ বার দেখা যায়নি।

তবে দিল্লির ব্যর্থতার দায় শুধু অক্ষরের উপর চাপানো ঠিক হবে না। দল নির্বাচনে একাধিক ভুল সিদ্ধান্তও সমস্যাকে বাড়িয়েছে। তরুণ ব্যাটার অভিষেক পোড়েল যখনই সুযোগ পেয়েছেন, আক্রমণাত্মক ব্যাটিং করে নজর কেড়েছেন। তবু তাঁকে নিয়মিত সুযোগ দেওয়া হয়নি। একই ভাবে অলরাউন্ডার মাধব তিওয়ারিকেও ধারাবাহিকভাবে খেলানো হয়নি, যা দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে।

অন্য দিকে তরুণ সাহিল পারখকে পর্যাপ্ত সময় না দিয়েই বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিজ্ঞতা কম থাকায় তিনি চাপে পড়ে যান। তরুণ ক্রিকেটারদের ধীরে ধীরে তৈরি করার বদলে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার ফলেই দল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০২৭ সালে আইপিএলের মেগা নিলাম হওয়ার কথা। তার আগে দিল্লি ক্যাপিটালস নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে। অক্ষর প্যাটেলকে ক্রিকেটার হিসেবে দলে রাখা হলেও তাঁর হাতে নেতৃত্ব থাকবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আগামী মরশুমে নতুন অধিনায়ক, নতুন কৌশল এবং আরও ভারসাম্যপূর্ণ দল গড়েই হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে দিল্লি।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *