সর্বোচ্চ গ্রেড প্রাপক কমই, উচ্চ মাধ্যমিকের ফলে প্রশ্নে সেমেস্টার পদ্ধতি
এই সময়: সেমেস্টার পদ্ধতিতে দেশে প্রথম দ্বাদশের পরীক্ষা দিয়েছিল বাংলা বোর্ডের ছাত্রছাত্রীরা। কিন্তু সিবিএসই এবং আইএসসি বোর্ডের তুলনায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা ‘এ প্লাস প্লাস’ গ্রেড (৯০–১০০ নম্বর) পাওয়ার নিরিখে অনেকটাই পিছিয়ে পড়ল। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে দেখা যাচ্ছে, ৬,২৬,২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫,৭১,৩৫৫ জন (৯১.২৩%)। কিন্তু ৯০–১০০ নম্বর পেয়েছে মাত্র ৬,৪৩৪ জন পরীক্ষার্থী। শতাংশের হিসেবে যা ১.১৩। এমনকী ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে সাকুল্যে ১০.২০% ছাত্রছাত্রী।