‘দলে কিছু সুপারস্টার দরকার…’, গম্ভীরের দর্শন উড়িয়ে বোমা ফাটালেন দ্রাবিড়
গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের ফল খুব একটা ভালো হয়নি। গৌতম গম্ভীরের কোচিংয়ে ২০২৪ সালে নিউ জ়িল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে এবং ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ঘরের মাঠে হতাশাজনক ফল হয়েছে। তবে ২০২৫ সালে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সিরিজ় ড্র হওয়া কিছুটা স্বস্তির খবর ছিল। এক সময় ভারত টানা কয়েক বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে উঠেছিল। কিন্তু ২০২৫ সালে সেই ফাইনালে জায়গা করতে পারেনি দল। ভবিষ্যতেও সেই রাস্তা সহজ নয় বলেই মনে করা হচ্ছে।
বড় ক্রিকেটাররাই দলকে এগিয়ে নিয়ে যায়
রাহুল দ্রাবিড় মনে করেন, কোনও খেলাতেই বড় তারকা ছাড়া হয় না। তাঁর মতে, মাঠে ভালো খেলেই একজন ক্রিকেটার মানুষের প্রিয় হয়ে ওঠেন। আর সেই পারফরম্যান্সই তাঁকে বড় জায়গায় পৌঁছে দেয়। দ্রাবিড় দাবি, ‘প্রতিটি খেলাতেই কিছু বড় তারকা দরকার। ভালো না খেললে কেউ মানুষের মনে জায়গা করতে পারে না। বিশেষ করে ভারতে, যেখানে আপনি ভালো খেললে সবাই প্রশংসা করবে, আবার খারাপ খেললে সমালোচনাও হবে। তাই কেউ যদি ভারতে বড় ক্রিকেটার বা তারকা হয়ে ওঠে, তার মানে সে মাঠে অনেক ভালো কাজ করেছে। আর সেই সঙ্গে দলকেও জিততে সাহায্য করেছে।’
তিনি আরও বোঝাতে চান, একজন ক্রিকেটারের ব্যক্তিগত সাফল্য অনেক সময় পুরো দলের সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। তাই ব্যক্তিগত পারফরম্যান্সকে একেবারে আলাদা করে দেখার সুযোগ নেই।