আপনাকে কি সকলে হিংসা করে? কেন এমন হয়? জন্মতারিখ মিলিয়ে জানুন
আমাদের চারপাশে এমন কিছু ব্যক্তি থাকেন, যাঁদের দেখে অজান্তেই ঈর্ষান্বিত হয়ে পড়েন অনেকেই। তাঁদের উপস্থিতি, কথা বলার ধরন, সাফল্য বা জনপ্রিয়তা সহজেই অন্যদের নজর কাড়ে। ফলে বন্ধু, সহকর্মী কিংবা আত্মীয়দের মধ্যেও কখনও কখনও হিংসা বা প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। সংখ্যাতত্ত্ব বলছে, বিশেষ কয়েকটি মূলাঙ্কের জাতকদের মধ্যেই এই আকর্ষণ ও প্রভাব সব থেকে বেশি দেখা যায়। কোনও কোনও জন্মতারিখের জাতকরাই এমন ব্যক্তিত্বের অধিকারী হন। কারা তাঁরা? চিনে নিন জন্মতারিখ দেখে…
মূলাঙ্ক ১

যাঁদের জন্ম মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে, তাঁদের মূলাঙ্ক ১। এই মূলাঙ্কের জাতকদের মধ্যে স্বাভাবিক ভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। তাঁরা খুব সহজেই ভিড়ের মধ্যেও আলাদা করে নজরে পড়েন, নিজের ব্যক্তিত্বের জোরে অন্যদের প্রভাবিত করতে পারেন। কর্মক্ষেত্র হোক বা সামাজিক জীবন, তাঁরা দ্রুত সাফল্য অর্জন করেন। কম বয়সেই নাম, যশ, খ্যাতি পাওয়ার প্রবণতাও থাকে। এই আত্মবিশ্বাস ও সাফল্যের কারণেই অনেক সময় অন্যরা তাঁদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন।
মূলাঙ্ক ৩

যাঁদের জন্ম ৩, ১২, ২১ বা ৩০ তারিখে, তাঁদের মূলাঙ্ক ৩। বৃহস্পতির প্রভাবে এই জাতকরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী হন। অন্যরা তাঁদের কথা মন দিয়ে শোনেন এবং নানা বিষয়ে পরামর্শ নিতে পছন্দ করেন। তাঁদের কথাবার্তা ও ব্যবহার সহজেই অন্যদের আকৃষ্ট করে। ফলে সমাজে তাঁদের পরিচিতির পরিধিও বড় হয়। সৌভাগ্য, বুদ্ধিমত্তা ও জনপ্রিয়তার এই মিশ্রণ অনেকের কাছে হিংসার কারণ হয়ে দাঁড়ায়।
মূলাঙ্ক ৫

যাঁদের জন্ম ৫, ১৪ বা ২৩ তারিখে, তাঁদের মূলাঙ্ক ৫। বুধ গ্রহের প্রভাবে এই জাতকরা অত্যন্ত প্রাণবন্ত, হাসিখুশি স্বভাবের হন, আর কথাবার্তায় অত্যন্ত পটু। খুব সহজেই অন্যের মন জয় করতে পারেন। যে কোনও আড্ডা বা অনুষ্ঠানে তাঁরাই হয়ে ওঠেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। বন্ধু তৈরি করা, সম্পর্ক গড়ে তোলা কিংবা সামাজিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে তাঁদের দক্ষতা অসাধারণ। শুধু ব্যক্তিগত জীবন নয়, কর্মজীবনেও দ্রুত সাফল্য পান। সহজে জনপ্রিয়তা ও সাফল্য পাওয়ার কারণেই অনেকে তাঁদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন।