‘ডবল ইঞ্জিন’ সরকার আসতেই সুখবর, রাজ্যে তিনটি রেলপ্রকল্পের অনুমোদন
রাজনৈতিক পালাবদল হয়েছে রাজ্যে। ‘ডবল ইঞ্জিন’ সরকার হতেই বাংলার জন্য উদারহস্ত কেন্দ্রীয় সরকার। বাংলার জন্য তিনটি রেলপ্রকল্পে অনুমোদন দিল কেন্দ্র। নতুন রেললাইন প্রকল্পে সমীক্ষা পরিচালনার অনুমোদনের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।
কী কী নতুন রেল প্রকল্প পশ্চিমবঙ্গে?
1) নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি ডবল লাইনের অনুমোদন দেওয়া হয়েছে।
2) সাঁতরাগাছি থেকে জয়পুর (ঝাড়গ্রাম) লাইন সম্প্রসারণের অনুমোদন দেওয়া হয়েছে।
3) বাঁকুড়ার শালবনি থেকে আদ্রা পর্যন্ত ১০৭ কিলোমিটার রেললাইনের কাজ শুরু হচ্ছে।
নতুন প্রকল্পে কী সুবিধা মিলবে?
এই তিনটি রেল প্রকল্পের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি আর্থিক সংস্কারে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি ডবল লাইন হলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। পণ্য পরিবহণের ক্ষেত্রেও সুবিধা বাড়বে বলে মনে করছেন রেল আধিকারিকরা।
অন্য দিকে, বাঁকুড়ার শালবনি থেকে আদ্রা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ হলে জঙ্গলমহলের বাসিন্দাদের অনেকটাই উপকার হবে বলে মনে করা হচ্ছে। হাওড়ার সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রামের জয়পুরের রেললাইন সম্প্রসারণ হলে পর্যটন-সহ আর্থ-সামাজিক ক্ষেত্রে বড় প্রভাব পড়বে বলে মনে করছেন রেল আধিকারিকরা। নতুন রেললাইন এবং অতিরিক্ত ট্র্যাক নির্মাণের ফলে কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে।