কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কোন-কোন তারকা গেলেন না? | Which members of the tollywood industry were absent from Mamata Banerjee’s meeting
২০২৬-এ বিধানসভা নির্বাচনে সবুজ শিবিরের হয়ে টিকিট পেয়েছিলেন টলিপাড়ার বেশ কিছু মুখ। যেমন সোনারপুর দক্ষিণ থেকে লড়েছেন লাভলী মৈত্র। অভিনেত্রী লাভলীকে মূলত দেখা যায় বাংলা ধারাবাহিকে। ভোটে লড়ার আগে তাঁকে দেখা যাচ্ছিল ‘চিরসখা’ ধারাবাহিকে। তবে ভোটে লড়ার জন্য অভিনয় থেকে বিরতি নেন। তবে রূপা গঙ্গোপাধ্যায়ের কাছে এবার লাভলী হেরে যান। বিজেপি জিতে যায় ওই আসনে।
এই নির্বাচনে সবুজ শিবিরের যাঁরা হেরেছেন, তাঁদের কালীঘাটে বৈঠকে ডাকেন মমতা। সেখানেই শুক্রবার পৌঁছে যান লাভলী। নামী লেখক-পরিচালক-অভিনেতা ব্রাত্য বসুকে এদিন কালীঘাটে দেখা গিয়েছে। গায়ক ইন্দ্রনীল সেন-কেও দেখা যায়। টলিপাড়ার সঙ্গে এখন আর সেরকম যোগ নেই, তবে এক সময়ে অভিনেত্রী হিসাবে কাজ করেছিলেন শ্রেয়া পাণ্ডে। তাঁকে এ দিন বৈঠকে দেখা গিয়েছে।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হেরেছেন বরানগর থেকে। তিনি কি কালীঘাটে গেলেন? নায়িকা জানালেন, কলকাতার বাইরে থাকার জন্য উপস্থিত হতে পারেননি। পরিচালক রাজ চক্রবর্তীর কাছে জয় আসেনি ব্যারাকপুর আসন থেকে। তিনি স্পষ্ট করে দেন, রাজনীতিতে আর থাকছেন না। করিমপুর থেকে সবুজ শিবিরের প্রার্থী ছিলেন সোহম চক্রবর্তী। তাঁকে কালীঘাটে দেখা যায়নি। কী কারণ, তা জানতে যোগাযোগ করা হলেও, উত্তর আসেনি। এবার নির্বাচনে প্রার্থী হতে পারেন পরমব্রত চট্টোপাধ্যায় আর ইমন চক্রবর্তী, সেই জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত দেখা যায়, তাঁরা সবুজ শিবিরের হয়ে ভোটের টিকিট নেননি।
১৪মে দলের সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা। সেখানে অনুপস্থিত ছিলেন সাংসদ দেব, কোয়েল মল্লিক এবং রচনা বন্দ্যোপাধ্যায়। এখন টলিপাড়ার যেসব তারকারা নির্বাচনে হেরেছেন, তাঁরা আগামী দিনে রাজনীতির ক্ষেত্রে কীভাবে কাজ এগিয়ে নিয়ে যান, তা দেখার অপেক্ষা।