Delhi Woman Physically Assault: দিল্লিতে নির্ভয়া কাণ্ডের ছায়া, চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ | Woman Physically Assaulted in Delhi, Driver and Conductor Arrested by Police
তরুণীকে গণধর্ষণের অভিযোগImage Credit: Tv9 Bangla
নয়া দিল্লি: দিল্লিতে নির্ভয়া কাণ্ডের স্মৃতি ফিরল। চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। দিল্লির নাঙ্গলই এলাকার ঘটনা। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে বাস ড্রাইভার এবং কন্ডাক্টরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আটক করা হয়েছে বাসটিকেও।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি দুইদিন আগে ঘটেছে। জানা গিয়েছে, ওই তরুণী মঙ্গলপুরীর একটি কারখানায় কর্মরত। ১৩ মে রাতে কাজ সেরে ফেরার সময়ই ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। ঠিক সেইসময় সরস্বতী বিহারের বাস স্টপে একটি স্লিপার বাস এসে থামে। সেইসময় ওই তরুণী বাসের দরজায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে সময় জানতে চান। ঠিক তখনই তাঁকে জোর করে বাসে তোলা হয়। তারপরই বাসটি নাঙ্গলইয়ের দিকে চলে যায়। অভিযোগ, চলন্ত বাসেই তরুণীকে গণধর্ষণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী বিবাহিত এবং তিন সন্তানের মা। মেডিক্যাল পরীক্ষার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে। একইসঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে দিল্লি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে আম আদমি পার্টি।