Annapurna Bhandar: কীভাবে আবেদন করবেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য? কারাই বা এর সুবিধা পাবেন না? জানুন সবটা | How to apply in Annapurna Bhandar know all details
অন্নপূর্ণা ভান্ডারImage Credit: x handle and TV9 Bangla
কলকাতা: সরকারে আসার আগেই নারীদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি (BJP)। নিজেদের নির্বাচনী প্রচার ও ইস্তেহারে বারেবারে মহিলাদের সার্বিক উন্নয়নে জোর দিয়েছিল গেরুয়া শিবির। তার মধ্যে অন্যতম ছিল অন্নপূর্ণা ভান্ডার ও সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। পূর্বতন সরকার ‘লক্ষ্মীর ভান্ডারে’ (Laxmir Bhadar) দেড় হাজার টাকা করে দিত, তবে বিজেপি তা বাড়িয়ে তিন হাজার টাকা করেছে। ক্ষমতার পালা বদলের পর থেকেই মহিলাদের মনে একটাই প্রশ্ন ছিল কবে থেকে মিলবে এই প্রকল্পের টাকা? কীভাবেই বা আবেদন করতে হবে? এবার সেই সকল প্রশ্নেরই উত্তর দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
অন্নপূর্ণা ভান্ডারের খুঁটিনাটি
পয়লা জুন থেকে মিলবে এই প্রকল্পের টাকা।
আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনেই।
অগ্নিমিত্রা বলেন, “আমি শুনছিলাম এত দিন লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকারের মাধ্যমে হয়েছে। তবে অন্নপূর্ণা ভান্ডার পুরোটাই অনলাইনে করতে হবে। সমস্ত মানুষ যাতে অনলাইনেই আবেদন করতে পারেন সেটা দেখা হবে। যিনি ক্লাস ওয়ান পাস কিংবা ক্লাস পাস করেছেন বা হয়ত শিক্ষার আলোই দেখেননি তাঁদেরও কোনও অসুবিধা হবে না। এতটাই সহজ ভাবে অনলাইনে আবেদনের পদ্ধতি করা হবে।”
কারা-কারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন বা পাবেন না?
যাঁরা যাঁরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণার ভান্ডার পাবেন।
এদের মধ্যে যাঁদের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে তাঁদের ব্যাপারে যাচাই হবে। আর যিনি মারা গিয়েছেন তিনি লক্ষ্মীর ভান্ডার পেলেও অন্নপূর্ণার ভান্ডার পাবেন না।
কেউ যদি রোহিঙ্গা বা বাংলাদেশি হন, তাঁরা নিশ্চয়ই অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য নন।
যাঁদের নাম ডিলিট হয়েছে, তাঁরা আদৌ আমাদের নাগরিক কি না সেটা যাচাইয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
আর যাঁরা ট্রাইবুন্যালে আবেদন করেছেন, তাঁরা কিন্তু এখনও অন্নপূর্ণার ভান্ডার পাবেন। তাঁদের নাম কাটা যাবে না।
আর যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছেন তাঁরাও পাবেন অন্নপূর্ণার ভান্ডার।