মুম্বইয়ের বিরুদ্ধে ছন্দে ফিরবে পঞ্জাব? প্লে-অফ দৌড়ে বড় পরীক্ষা
ধর্মশালায় আজ পঞ্জাবের সামনে জয়ের বড় সুযোগ। মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেই পয়েন্ট টেবিলে এগোতে পারেন শ্রেয়সরা।
Kolkata, May 14: জমে উঠেছে আইপিএল ২০২৬। লিগ পর্বের খেলা প্রায় শেষ। দলগুলি এখন প্রতিযোগিতা করছে প্লে-অফের ওঠার জন্য। এমনই একটি প্রতিযোগিতায় আজ (১৪ মে) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে পঞ্জাব কিংস। শৈলশহর ধর্মশালায় খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।
মুম্বইয়ের প্লে-অফে খেলার সম্ভাবনা নিভেগেছে শেষ ম্যাচেই। আজ পঞ্জাবের বিরুদ্ধে তারা নামছে মান রক্ষার্থে। অন্যদিকে, পঞ্জাবের এখনো সম্পূর্ণ সুযোগ রয়েছে পয়েন্ট সংগ্রহ করে শেষ চারে জায়গা করার। এই মুহূর্তে ১১টি ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শ্রেয়স আয়াররা।
টানা চার ম্যাচে পরাজিত থেকে আজ খেলতে নামছে পঞ্জাব। বর্তমানে তারা একটু ছন্দহীন। আজ মুম্বইকে হারাতে পারলে হায়দরাবাদকে টপকে পৌঁছে যাবে তৃতীয় স্থানে। আজকের এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইবে না প্রীতি জিন্টার দল।
আইপিএল পরিসংখ্যান অনুসারে, এই দুটি দল বাইশ গজে মোট ৩৫ বার একে অপরকে মোকাবেলা করেছে। যেখানে পঞ্জাব কিংস ১৮টি জয় নিয়ে ভালো রেকর্ড ধরে রেখেছে এবং মুম্বই ইন্ডিয়ান্স ১৭টি ম্যাচ জিতেছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ধর্মশালায় বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশ মেঘলা থাকবে। সেখানে গড় আর্দ্রতা প্রায় ৫২ শতাংশ থাকার কথা। প্রত্যাশিত তাপমাত্রা প্রায় ১৭° সেলসিয়াস হতে পারে।
পিচের কথা বলতে হলে, ধর্মশালার উইকেটটি সিম সহায়ক, যা গত ম্যাচে বেশ স্পষ্ট ছিল। এখানে বল কিছুটা মুভ করে এবং তাতে ফাস্ট বোলাররা সহায়তা পাবে। এখানে রান তাড়া করার পরামর্শ দেওয়া হচ্ছে।সেক্ষেত্রে টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ:
প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), প্রিয়ংশ আর্য, কুপার কনোলি, শ্রেয়স আয়ার (অধিনায়ক), সূর্য্যশ শেজ, মার্কাস স্টয়নিস, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, বেন দ্বারশুইস, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট প্লেয়ার: হরপ্রীত ব্রার।
মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), নমন ধীর, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, উইল জ্যাকস, রাজ বাওয়া, করবিন বোশ, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, এএম গাজানফার।
ইমপ্যাক্ট প্লেয়ার: শার্দুল ঠাকুর।