Junaid Khan on Aamir Khan and Gauri Spratt Relationship: আমির খানের প্রেমিকা ও প্রাক্তন স্ত্রীদের নিয়ে মুখ খুললেন ছেলে জুনায়েদ | Junaid Khan Opens Up on Aamir Khan’s Relationship with Gauri Spratt and Bond with Kiran Rao - 24 Ghanta Bangla News
Home

Junaid Khan on Aamir Khan and Gauri Spratt Relationship: আমির খানের প্রেমিকা ও প্রাক্তন স্ত্রীদের নিয়ে মুখ খুললেন ছেলে জুনায়েদ | Junaid Khan Opens Up on Aamir Khan’s Relationship with Gauri Spratt and Bond with Kiran Rao

Spread the love

আমির খান (Aamir Khan)-এর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। তবে এবার আর কোনও সূত্র নয়, খোদ মিস্টার পারফেকশনিস্টের বড় ছেলে জুনায়েদ খান (Junaid Khan) মুখ খুললেন বাবার সম্পর্ক এবং নিজের পরিবারের সমীকরণ নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনায়েদ স্পষ্ট করলেন বাবার বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাট (Gauri Spratt)-এর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন। শুধু তাই নয়, মা রিনা দত্ত এবং প্রাক্তন বিমাতা কিরণ রাওকে নিয়েও নিজের মনের কথা ভাগ করে নিলেন ‘এক দিন’ অভিনেতা।

গৌরীকে কী বলে ডাকেন জুনায়েদ?

জুনায়েদ জানান, বাবার জীবনে গৌরীর আসা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। বরং তিনি বাবার জন্য খুশি। গৌরীকে তিনি ‘গৌরী’ বলেই সম্বোধন করেন। জুনায়েদের কথায়, “গৌরী খুবই মিষ্টি মানুষ। বাবা যখন ওর কথা মিডিয়াতে প্রকাশ করেন, তার কতদিন আগে থেকে আমি জানতাম সেটা সঠিক মনে নেই। তবে দিনশেষে এটা একটা ব্যক্তিগত সম্পর্ক এবং আমি গৌরীর জন্য সত্যিই খুশি।”

কিরণ রাওয়ের সঙ্গে বর্তমান রসায়ন কেমন?

আমির ও কিরণ রাওয়ের বিচ্ছেদ হয়ে গেলেও তাঁদের মধ্যে বন্ধুত্ব অটুট। জুনায়েদও কিরণের প্রশংসায় পঞ্চমুখ। তিনি জানান, কিরণের সঙ্গে তাঁর সম্পর্ক কখনওই তিক্ত ছিল না। মজার বিষয় হল, একটা সময় পর্যন্ত তিনি কিরণকে ‘আন্টি’ বলতেন। কিন্তু জুনায়েদের বয়স যখন ১৫-১৬ বছর, তখন কিরণ নিজেই তাঁকে নাম ধরে ডাকার অনুরোধ করেন। জুনায়েদ বলেন, “কিরণ খুব উষ্ণ হৃদয়ের মানুষ। আমরা সবাই একে অপরের থেকে মাত্র ১০০ মিটারের দূরত্বে থাকি, তাই যোগাযোগটা সবসময়ই সহজ ছিল।”

জুনায়েদের বয়স যখন মাত্র ৭ বা ৮ বছর, তখন আমির ও রিনা দত্তর বিচ্ছেদ হয়। শৈশবের সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জুনায়েদ জানান, “ছোটবেলায় আমি এসব বুঝিনি। তবে আমার বাবা-মা সবসময় আমাদের সামনে একই কথা বলতেন। প্রথমবার তাঁদের মতপার্থক্য দেখেছিলাম যখন আমার বয়স ১৯।” তিনি আরও যোগ করেন যে, দুজন ভালো মানুষ সবসময় একসঙ্গে ভালো না-ও থাকতে পারেন। অসুখী হয়ে একসঙ্গে থাকার চেয়ে আলাদা থেকে সুখী বাবা-মা পাওয়া অনেক ভালো— এমনটাই মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *