স্বরূপের অনুপস্থিতি, তা-ও শুটিং নিয়ে বিস্তর ঝামেলায় পড়লেন অংশুমান | What went wrong during the Tollywood shoot - 24 Ghanta Bangla News
Home

স্বরূপের অনুপস্থিতি, তা-ও শুটিং নিয়ে বিস্তর ঝামেলায় পড়লেন অংশুমান | What went wrong during the Tollywood shoot

Spread the love

টলিপাড়ায় সম্প্রতি একটা শুটিং ঘিরে বিস্তর ঝামেলা তৈরি হল। পরিচালক অংশুমান প্রত্যুষ তাঁর টিমের ক্যামেরাপার্সন সুমন মাজিকে নিয়ে ছবির শুটিং করতে চেয়েছিলেন। কিন্তু চিত্রগ্রাহকের গিল্ডের তরফে তিনি বাধাপ্রাপ্ত হন। TV9 বাংলাকে অংশুমান বললেন, ”কিছুদিন আগে আমার একটা কাজ শুরু হয়েছিল। আমাকে বলা হয়, সুমনের পরিবর্তে গিল্ডের একজনকে নিতে হবে। আমি রাজি হই। তিনি শুটিংয়ে আসেন। কিন্তু যেভাবে কাজ করেন, তাতে আমি বুঝি, সমস্যা তৈরি হচ্ছে। প্রযোজক বিরক্ত হয়ে কাজই বন্ধ করে দেন।”

অংশুমান যোগ করেন, ”এখন আমি নতুন একটা কাজ করছি। আমি বিষয়টা জানানোর পর, বলা হয়, অন্য একজনকে পাঠানো হবে। কিন্তু আমার পরিচিত চিত্রগ্রাহক যেন শুটিং ফ্লোরে না থাকে। এদিকে কোনও সমস্যা হলে, প্রযোজক বিরক্ত হয়ে কাজ বন্ধ করে দিতে পারেন। তাই আমি বাধ্য হয়ে মেল করে জানাই, আমাকে আমার টিম নিয়েই কাজ করতে দেওয়া হোক।” এই বিষয়ে জানতে গিল্ডের প্রতিনিধিকে ফোন করা হলেও, তাঁর তরফে উত্তর পাওয়া যায়নি।

একই রকম অভিজ্ঞতা পরিচালক পারমিতা মুন্সীর। পারমিতা জানালেন, ”অতীতে আমার সিনেমায় কোনও আর্টিস্ট নেই, কোনও সংলাপ নেই, এমন মন্তাজের শুটিং করার জন্য প্রোডাকশন ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসানুজ্জামান আমার ম্যানেজারকে জোর করে ড্রেসার, সহযোগী মেকআপ, ইলেকট্রিশিয়ান, ট্রলি সেটিংয়ের টেকনিশিয়ানদের নিতে বাধ্য করেছেন। অ্যাভেলেবল লাইটে নেচার মন্তাজ শটে এদের কোনও দরকার আছে কি? টেকনিশিয়ানরা অহেতুক এসে বসে থাকেন, এটা তাঁদের পক্ষেও তো অসম্মানজনক। অনেক সময়ে ফেডারেশনের অজান্তে কিছু গিল্ড তাদের সিদ্ধান্ত পরিচালক, প্রযোজকদের উপর চাপিয়ে দেয়। আর দোষের ভাগী হয় ফেডারেশন।”

অংশুমান বললেন, ”আমি বিভিন্ন গিল্ডের সহযোগিতাতেই শুটিং এগিয়ে নিয়ে যেতে চাইছিলাম। কিন্তু এমন সমস্যা তৈরি হওয়ার কারণে, বাধ্য হয়েছি, গিল্ডের সদস্যদের ছাড়াই শুটিং সাজিয়ে নিতে।”

সরকার বদলের পর, টেকনিশিয়ানদের ফেডারেশনের এবং বিভিন্ন গিল্ডের নিয়ম-কানুনে কী ধরনের পরিবর্তন আসবে, তা দেখার অপেক্ষা। তবে কিছু পরিবর্তন যে আসা দরকার, সে কথা বলছেন টলিপাড়ার একটা বড় অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *