ISL 2026 : ডার্বির আগে অগ্নিপরীক্ষা লোবেরার, লিগ টেবিলের মগডালে পৌঁছনোর সুবর্ণ সুযোগ বাগানের! | Lobera’s Men Eye Top Spot as Habas Steps Down Before Crucial Clash
Will Anirudh Thapa play tonight against Inter Kashi?Image Credit: Indian Super League official website, instagram/@eastbengalfootballclub
কলকাতা : দিন তিনেক আগেই গোয়ার (FC Goa) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলেছে মোহনবাগান (Mohunbagan Supergiant)। সেখান থেকেই আজ ঘরের মাঠে ইন্টার কাশীর (Inter Kashi) বিরুদ্ধে নামতে চলেছে সের্জিও লোবেরার দল। রবিবার রাতে ইন্টার কাশীর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আন্তোনিও হাবাস (Antonio Habas)। ফলে, হাবাস বনাম লোবেরার দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হলেন দর্শকরা। সবুজ-মেরুনের থেকে তুলনামূলক বিচারে অনেকটা দুর্বল প্রতিপক্ষ ইন্টার কাশী। গতকাল লাল-হলুদ ব্রিগেড (East Bengal FC) পাঞ্জাব এফসির সঙ্গে গোলশূন্য ড্র করার ফলে বাগানের কাছে আজ সুযোগ রয়েছে লিগের মগডালে ওঠার। তবুও, সাম্প্রতিক কয়েকটি ম্যাচে বাগানের যা পারফরম্যান্স, লোবেরা জোর দিয়ে বলতে পারবেন না যে ম্যাচ তাঁদেরই কোর্টে।
আজকের ম্যাচেও বাগান কোচের সমস্যা সেই চোট-আঘাত নিয়ে। চোট রয়েছে আপুইয়ার, যার খেসারত গোয়া ম্যাচে দিতে হয়েছে সবুজ-মেরুনকে। আজকেও আপুইয়ার চোটের কারণে তাঁকে ছাড়াই দল সাজিয়েছেন বাগান কোচ। রবিবার কলকাতায় ফিরেছে মোহনবাগান দল। তারপরেই গতকাল অনুশীলনে নামতে হয়েছে দলকে। কার্ড সমস্যার কারণে আলবার্তোকে নিয়েও চিন্তা রয়েছে বাগানে। আলবার্তোর সঙ্গে ৩টি হলুদ কার্ড দেখে ফেলেছেন দিমিত্রি পেত্রাতোসও। যদি আজ আলবার্তো বা দিমি কার্ড দেখেন, তাহলে ডার্বিতে তাঁদের পাবে না মোহনবাগান। আজ প্রথম থেকেই শুরু করতে পারেন অনিরুদ্ধ থাপা। যদিও তাঁর বদলে অভিষেক সূর্যবংশীর নামও শোনা যাচ্ছে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বেশ প্রত্যয়ী শোনাল লোবেরাকে। তাঁর কথায়,”ইন্টার কাশী খুব একটা সহজ প্রতিপক্ষ নয়। আমরাও খুব একটা ভাল ফর্মে নেই। যদিও আমরা জানি, ওদের এই মুহূর্তে কোচ নেই কিন্তু তবুও ওদের হালকা ভাবে নেওয়ার কোনও প্রশ্ন নেই। এই ম্যাচ আমরা জিততে চাই। যদিও আমরা হাবাসকে মিস করব।”
এই মুহূর্তে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে মোহনবাগান। বাকি রয়েছে মাত্র ৩ ম্যাচ। আজকের পর আগামী রবিবার কলকাতা ডার্বি রয়েছে। আজ জিতলে যেমন এক নম্বরে উঠবে মোহনবাগান, তেমনই বেশ খোশমেজাজে ডার্বিতে নামবে সবুজ-মেরুন।