ভোটের আগে ওয়ার্ক অর্ডার ছাড়াই কাজ!আদৌ টাকা মিলবে? ফাঁপরে ঠিকাদাররা
এই সময়, চুঁচুড়া: বিধানসভা ভোটের আগে হাওড়া ও হুগলি জেলার প্রতিটি পুরসভা এবং পঞ্চায়েত এলাকাতেই কাজের ধুম পড়ে গিয়েছিল। নির্বাচনের প্রাক্কালে পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে অনেক নতুন রাস্তা, ড্রেন, কালভার্ট। রাতারাতি বসানো হয়েছে নতুন টিউবওয়েল। তার জন্য খরচ হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু সেই কাজ করতে গিয়ে এখন ঘুম উবে গিয়ে বহু ঠিকাদারের। তার কারণ, ভোটের আগে তড়িঘড়ি কাজ করতে গিয়ে বহু ক্ষেত্রেই টেন্ডার ডাকা সম্ভব হয়নি। পুর চেয়ারম্যান, কাউন্সিলার, পঞ্চায়েত প্রধান, বিধায়ক ও সরকারি আধিকারিকদের চাপে বিনা টেন্ডারেই কাজ করতে হয়েছে অনেক ঠিকাদারকে। এর মধ্যেই সরকার বদলে যাওয়ায় তার বকেয়া টাকা আদৌ মিলবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন ওই সব ঠিকাদাররা।