নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে এবার সমাজমাধ্যমে পোস্ট কুনাল ঘোষের
কলকাতা: বাংলায় এখন পালাবদলের ঝড় উঠেছে। (Kunal Ghosh)এই আবহেই এবার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল মুখপাত্র এবং বিধায়ক কুনাল ঘোষের। সোশ্যাল মিডিয়ায় করা …
কলকাতা: বাংলায় এখন পালাবদলের ঝড় উঠেছে। (Kunal Ghosh)এই আবহেই এবার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল মুখপাত্র এবং বিধায়ক কুনাল ঘোষের। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে কুনাল ঘোষ লেখেন, “বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা।” তবে সেই শুভেচ্ছার মধ্যেই তিনি উল্লেখ করেন যে ভোটার তালিকা, ভোট মেশিন এবং গণনা প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাঁর কথায়, “ভোটার তালিকা, ভোট মেশিন এবং গণনা লুঠ নিয়ে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট বক্তব্য আছে। তবে যেহেতু নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, তাই শুভেচ্ছা থাকল।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, কুনাল ঘোষের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে তিনি গণতান্ত্রিক সৌজন্য বজায় রেখে নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন, অন্যদিকে দলের নির্বাচনী অভিযোগকেও তুলে ধরে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন। ফলে তাঁর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে। তাদের মতে তৃণমূল কংগ্রেস এখনও পরাজয় মেনে নিতে পারছে না তাই অমূলক মন্তব্য করছে।
আরও দেখুনঃ ‘পুনর্নিয়োগ’ জমানায় ইতি! সব অবসরপ্রাপ্ত আমলাদের একযোগে ছাঁটাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রীর
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই নয়, বিরোধী শিবিরে নতুন দায়িত্ব পাওয়া তৃণমূল নেতাদেরও শুভেচ্ছা জানিয়েছেন কুনাল ঘোষ। নতুন বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পাওয়া শোভনদেব চট্টোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, “দলের প্রথম বিধায়ক, বর্ষীয়ান, অভিজ্ঞ এবং জননেত্রীর পুরনো সহযাত্রী।” রাজনৈতিক মহলের মতে, শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতাকে সামনে রেখেই তৃণমূল নতুন বিরোধী রাজনীতির কৌশল সাজাতে চাইছে।
এছাড়া তৃণমূলের ডেপুটি লিডার হিসেবে নির্বাচিত অসীমা পাত্রকেও শুভেচ্ছা জানিয়েছেন কুনাল। তাঁর বক্তব্য, “নিজের পারফরম্যান্সে, নিজের জোরে, নিজের গুরুত্বে এই পদ পেয়েছেন। উনি লড়াকু, ঝাঁঝালো নেত্রী।” এই মন্তব্যে দলের ভিতরে অসীমা পাত্রর রাজনৈতিক গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিরোধী পক্ষের মুখ্যসচেতক হিসেবে দায়িত্ব পাওয়া ফিরহাদ হাকিমকেও অভিনন্দন জানিয়েছেন কুনাল ঘোষ। তিনি তাঁকে দলের “দীর্ঘদিনের সৈনিক” এবং প্রশাসন ও সংগঠনে অভিজ্ঞ নেতা বলে উল্লেখ করেছেন। তৃণমূলের নতুন বিরোধী কাঠামোয় ফিরহাদ হাকিম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলেও মনে করা হচ্ছে।