Raj Chakraborty and Subhashree Ganguly: রাজ-শুভশ্রীর বিয়ের বয়স আট, শহর ছেড়ে কোথায় গেলেন দম্পত্তি? | Raj chakraborty subhashree ganguly 8th wedding anniversary vacation thailand politics
৪ মে-র নির্বাচনী ফলাফল ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তীর জীবনে নিয়ে এসেছিল বড়সড় ধাক্কা। পরাজয়ের গ্লানি আর রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার মাঝেই এবার ব্যক্তিগত যাপনে ডুব দিলেন রাজ। সোমবার, ১১ মে রাজ-শুভশ্রীর বিয়ের আট বছর পূর্ণ হল। জীবনের এই বিশেষ দিনটি সেলিব্রেট করতে তাঁরা বেছে নিয়েছেন বিদেশের মাটি— সম্ভবত তাইল্যান্ডের ক্র্যাবি।
ভোটের লড়াইয়ে হারের রেশ তখনও কাটেনি, তার মধ্যেই শুভশ্রীর সঙ্গে প্রেমে মাখা ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন রাজ। ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের নীল জলরাশির ধারে ‘ক্যান্ডেললাইট ডিনার’-এ মজেছেন যুগলে। কোথাও শুভশ্রীর গালে আলতো চুম্বন এঁকে দিচ্ছেন রাজ, কোথাও আবার একে অপরের চোখে চোখ রেখে নিভৃতে সময় কাটাচ্ছেন। দুই সন্তান— ইউভান ও ইয়ালিনিকে এই ফ্রেমগুলোতে দেখা যায়নি। ভক্তদের ধারণা, রাজ-শুভশ্রী সম্ভবত এই বিশেষ দিনটি নিজেদের মতো করে কাটাতে চেয়েছিলেন।
নির্বাচনের ফল বেরোনোর কয়েক দিন পর রাজ একটি আবেগঘন পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “২০২১ সালে রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। পাঁচ বছর বিধায়কের দায়িত্ব সততার সঙ্গে পালনের চেষ্টা করেছি। ২০২৬-এ সেই অধ্যায় শেষ হল।” তাঁর এই মন্তব্য থেকে পরিষ্কার যে, আপাতত সিনেমার জগতেই ফিরতে চান রাজ, রাজনীতিকে জানাচ্ছেন বিদায়।
তবে হারের ধাক্কায় রাজ ভেঙে পড়লেও, শুভশ্রী শুরু থেকেই তাঁর ঢাল হয়ে দাঁড়িয়েছেন। নির্বাচনের ফল প্রকাশের পরই তিনি লিখেছিলেন, “তুমি আমার হিরো… আমার পৃথিবী।” আট বছর আগে আজকের দিনেই সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। আট বছর পরও তাঁদের রসায়ন বুঝিয়ে দিচ্ছে যে, বাইরের ঝোড়ো হাওয়া তাঁদের ঘরের শান্তি টলাতে পারেনি।
রাজনীতির লড়াই শেষ, আপাতত রাজের লক্ষ্য পরিচালকের আসনে ফেরা। আর সেই নতুন ইনিংস শুরুর আগে বিবাহবার্ষিকীর এই সংক্ষিপ্ত সফর যেন রিচার্জ করে নেওয়ারই এক ফর্মূলামাত্র।