BJP Goverment on Woman: সরকারি বাসে এবার বিনামূল্যে যাতায়াত মহিলাদের, কবে থেকে মিলবে এই সুবিধা? | From 1st june 2026 woman can travel goverment bus for free in kolkata
কলকাতা: বিজেপি (BJP) সরকার ক্ষমতায় আসার আগেই নারীর উন্নয়নে জোর দিয়েছিল। ক্ষমতায় এলে তারা কী কী করবে সেই প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে অন্যতম হল-অন্নপূর্ণা ভান্ডার ও সরকারি বাসে যাতায়াত। কিন্তু কবে থেকে মিলবে এই সকল সুবিধা সেই নিয়েই প্রশ্ন উঠছিল। আর এবার সেই প্রশ্নের উত্তর দিলেন বিজেপি বিধায়ক (BJP MLA)।
বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ নবান্নের বাইরে দাঁড়িয়ে এ দিন সাংবাদিকদের বলেন, “নতুন সরকারের আজই প্রথম ক্যাবিনেট বৈঠক ছিল। আমাদের সব বিধায়কদের ডাকা হয়েছিল। শুভেন্দুদা অনেক পরামর্শ দিলেন। এতদিন বাংলার মানুষ যে সকল সুবিধা পাননি সেগুলি পেয়ে যাবেন। জুন মাসের প্রথম থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, সরকারি বাসে মহিলারা ফ্রি-তে যাতায়াত করতে পারবেন।”
রাজ্যে তৃণমূল সরকার যতদিন ছিল তাদের অন্যতম ভোট ব্যাঙ্ক ছিল মহিলারা। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উন্নয়নে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালু করেছিলেন। ৫০০ টাকা থেকে এই প্রকল্প শুরু হয়েছিল, তা বেড়ে বর্তমান সময়ে ১৫০০ টাকা হয়। বিজেপি নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু হবে। সেখানে মাসে ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা। শুধু তাই নয়, সরকারি বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি ছিল গেরুয়া শিবিরের। এই সুবিধা যদিও তৃণমূল আমলে ছিল না। এরপর বিজেপি ক্ষমতায় আসতেই জল্পনা ছড়ায় কবে এই প্রকল্প চালু হবে? আজ তারই উত্তর দিলেন বিধায়ক।