Nabanna Cabinet Meeting: মহিলারা ৩০০০ টাকা করে পাবেন? শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আলোচনা – Bengali News | New Bengal CM to Hold First Cabinet Meeting at Nabanna, Ayushman Bharat Likely on Agenda
মহিলা টাকা প্রদানে সিদ্ধান্ত হতে পারে নবান্নেImage Credit: Meta AI
কলকাতা: সোমবার সকাল সাড়ে ১১টায় নতুন মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট বৈঠক। স্থান নবান্নের সভাঘর। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথম বৈঠকে শুভেন্দু। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর পাঁচ জন শপথ নেওয়া মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট বৈঠক করবেন। বৈঠকে কী নিয়ে আলোচনা? সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রের প্রকল্পের যেগুলো আগের সরকার গ্রহণ করেনি,তা নিয়ে আলোচনা হতে পারে। আয়ুষ্মান ভারত এখানে গ্রহণ করা হয়নি। নির্বাচনী প্রচারেও এসে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন।
বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছিলেন, এইভাবে একাধিক কেন্দ্রীয় প্রকল্প মমতা সরকার বাংলায় চালু হতে দেননি কেবল রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েই। সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়ছিলেন রাজ্যের বাসিন্দারাও। মমতা সরকারের পত্তনের পর থেকেই স্বাস্থ্য সাথী কার্ডের গ্রহণযোগ্যতা প্রায় অবলুপ্তির পথে। কারণ সেই কার্ড অনেক বেসরকারি হাসপাতালই নেওয়া বন্ধ করে গিয়েছে। প্রশ্নের মুখে পড়ে লক্ষ্মীর ভান্ডারও।
সেই বিষয়টি নিয়েও শুভেন্দুর বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। মহিলারা যাতে আর্থিক সুবিধা পান, তার জন্য এই প্রকল্পে অন্য নাম দিয়ে চালু করা হতে পারে বলে প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে।
আগেই বিজেপি ঘোষণা করেছিল, বলা ভালো তাঁদের সংকল্প পত্রেও উল্লেখিত ছিল, অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে বাংলায়। তাতে মহিলারা মাথা পিছু ৩ হাজার টাকা করে পাবেন। সেই বিষয়েই কোনও সিদ্ধান্ত নেওয়া হয় নাকি এদিনের বৈঠকে, সেটাই দেখার।