Man allegedly beaten to death in Alipurduar: শ্যালিকার সঙ্গে খুনসুটি, দুষ্টু কথা; তার ‘ফল’ এভাবে পেলেন জামাইবাবু! – Bengali News | Alipurduar Murder Shock: Man Beaten to Death Over Alleged Misconduct With Sister in Law
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশImage Credit: TV9 Bangla
আলিপুরদুয়ার: সম্পর্কে জামাইবাবু ও শ্যালিকা। আর সেই শ্যালিকার সঙ্গে খুনসুটি করতে গিয়ে প্রাণ হারাতে হল জামাইবাবুকে। বাঁশ, লোহার রড দিয়ে মারধর করে নৃশংসভাবে ওই ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল শ্যালিকার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার বান্দাপানি চা বাগানের। নেপালি লাইনে ওই নৃশংস খুনের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিমল মাহালি (৪০)। অভিযোগ, তিনি মাঝেমধ্যেই তাঁর ভায়রার স্ত্রী তথা নিজের শ্যালিকার সঙ্গে ইয়ার্কি ও অশালীন আচরণ করতেন। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। অভিযুক্ত বিমান মুন্ডা এই ঘটনায় ক্ষুব্ধ ছিলেন বলেই জানা গিয়েছে।
শনিবার রাতে পরিস্থিতি চরমে ওঠে। অভিযোগ, বিমল মাহালিকে দড়ি দিয়ে বেঁধে বাঁশ ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁর মৃত্যু হয় ঘটনাস্থলেই। ঘটনার পর পুরো চা বাগান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া থানার পুলিশ। অভিযুক্ত বিমান মুন্ডা ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। পরে বিমান মুন্ডাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে বীরপাড়া থানার পুলিশ।
এই খুনের ঘটনায় হতচকিত হয়ে গিয়েছেন পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মৃত ব্যক্তি বিভিন্ন সময় তাঁর শ্যালিকা সঙ্গে খুনসুটি করতেন। সেটা পছন্দ করতেন না বিমান মুন্ডা। তা হলে নিজের ভায়রাভাইকে তিনি নৃশংসভাবে খুন করবেন, এটা তাঁরা ভাবতে পারছেন না। এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।