Kolkata Police X Account: মমতাকে ‘আনফলো’, মোদীকে ‘ফলো’ করা শুরু করল কলকাতা পুলিশ – Bengali News | Kolkata Police Unfollows Mamata Banerjee and Abhishek Banerjee on X After Power Shift
বৈঠকে মমতা-অভিষেক (ফাইল ছবি) Image Credit: PTI
কলকাতা: রাজ্যের প্রশাসনিক পটপরিবর্তনের প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠল কলকাতা পুলিশের ডিজিটাল মাধ্যমেও। কলকাতা পুলিশের সরকারি এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টের ‘ফলো’ তালিকায় বড়সড় রদবদল লক্ষ্য করা গেল। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘আনফলো’ বা অনুসরণ করা বন্ধ করে দিল কলকাতা পুলিশ।
বর্তমানে কলকাতা পুলিশের অফিশিয়াল হ্যান্ডেলটি যাঁদের অনুসরণ করছে, সেই তালিকায় রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO)। তাৎপর্যপূর্ণভাবে, এই তালিকায় জায়গা করে নিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর দফতরকেও এখন থেকে অনুসরণ করছে কলকাতা পুলিশ।
সাধারণত সরকারি দফতর বা পুলিশের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টগুলি পদাধিকারী ব্যক্তিদের অনুসরণ করে থাকে। রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার প্রস্তুতি শুরু হতেই এই ডিজিটাল পরিবর্তন প্রশাসনিক আনুগত্যের বদলকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তালিকার শীর্ষে থাকলেও, বর্তমানে তাঁদের সরিয়ে নতুন সরকারের প্রধান ও কেন্দ্রীয় মন্ত্রীদের গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। একদিকে একে ‘প্রোটোকল’ হিসেবে দেখা হলেও, অন্য পক্ষ একে রাজনৈতিক পটপরিবর্তনের ডিজিটাল প্রতিফলন হিসেবেই গণ্য করছেন। তবে এই বিষয়ে লালবাজারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।