IPL 2026 Highlights, DC vs KKR : দুরন্ত সেঞ্চুরি অ্যালেনের, শেষ চারের স্বপ্ন দেখছে কেকেআর! - Bengali News | KKR beats DC by 8 wickets in Arun Jaitley Stadium - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 Highlights, DC vs KKR : দুরন্ত সেঞ্চুরি অ্যালেনের, শেষ চারের স্বপ্ন দেখছে কেকেআর! – Bengali News | KKR beats DC by 8 wickets in Arun Jaitley Stadium

Spread the love

KKR beats DC by 8 wickets and secured their 4th consecutive win.Image Credit: PTI

দিল্লি : কামব্যাক হয়ত একেই বলে। প্রথম ৬ ম্যাচে ৫ হার। দলের সিদ্ধান্ত নিয়ে ক্রমাগত চর্বিতচর্বন হয়ে চলেছে। সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত হচ্ছে অধিনায়ক রাহানের (Ajinkya Rahane) মুণ্ডপাত। কেকেআর (Kolkata Knight Riders) সমর্থকরা পারলে রাহানেসহ কেকেআর ম্যানেজমেন্টকেই ছিঁড়ে খেয়ে ফেলেন। সেখান থেকে কি যে হল, পরপর জিততে শুরু করেছে দল। শেষ ৫ ম্যাচে টানা ৪ জয় পেল নাইটরা। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লিকে (Delhi Capitals) হারাল ৮ উইকেট। শতরান করলেন ফিন অ্যালেন (Finn Allen century) । অপরাজিত রইলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। আর কী চাই?

টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন নাইট অধিনায়ক রাহানে। আজকেও খেললেন না পাথিরানা। কেন, উত্তর নেই। কবে খেলবেন, তাও জানা নেই। ১৮ কোটি টাকা দিয়ে তাঁকে কেনার কী অর্থ, সেই প্রশ্নেরও উত্তর নেই নাইট ম্যানেজমেন্টের কাছে। পাওয়ার প্লেতে আউট হলেন কে এল রাহুল (২৯)। দুরন্ত অর্ধশতরান করলেন পাথুম নিশঙ্কা। ২৯ বলে ৫০ রানের ইনিংস সাজানো ৫টি চার ও ৩টি ছয় দিয়ে। তিনি স্টাম্পড আউট না হলে হয়ত এতটা খারাপ অবস্থা হত না দিল্লির। প্রাক্তন নাইট অধিনায়ক নীতিশ রানা (৮), সমীর রিজভী (৩), ট্রিস্টান স্টাবস্ (২) সবাই ব্যর্থ। অধিনায়ক অক্ষরের ব্যাট থেকে এল মাত্র ১১। একসময় ৮৯/৫ হয়ে গিয়েছিল দিল্লির স্কোর। আশুতোষ শর্মার ২৮ বলে ৩৯ রানের ইনিংস না থাকলে ১৪২ রানও পেরোত না দিল্লি। ২টি করে উইকেট পেয়েছেন অনুকূল রায় ও কার্তিক ত্যাগী।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯ বলে ১৩ রান করেই আউট হয়ে যান নাইট ক্যাপ্টেন রাহানে। এই আইপিএলে দু-একটি ম্যাচ বাদ দিয়ে এখনও বড় রানের মুখ দেখেননি জিঙ্কস। অঙ্গকৃষ রঘুবংশী (১) আজ ব্যর্থ। ক্যামেরন গ্রিনের ৩৩ রানের ইনিংস বাদ দিলে কেকেআর ব্যাটিং আজ পুরোই অ্যালেনময়। বিশ্বকাপে তাঁর দুরন্ত ফর্মের পরেই সুযোগ পান কেকেআর দলে। প্রথমদিকে ব্যর্থ হওয়ায় তাঁর বদলে খেলছিলেন টিম সেইফার্ট। আজ শুরু থেকেই দাপুটে ব্যাটিং করেছেন এই কিউয়ি ব্যাটার। তাঁর ৫টি বাউন্ডারি ও ১০টি ছক্কায় সাজানো ৪৭ বলে ১০০ রানের ইনিংসের সৌজন্যেই প্রায় ৫ ওভার বাকি থাকতেই জয়ের মুখ দেখল কেকেআর। শেষ সময়ে কেকেআরের জয়ের জন্য দরকার ছিল ২ রান। অ্যালেনের সেঞ্চুরির জন্য ৬ রান। মুকেশ কুমারের বলে ৬ মেরেই সেঞ্চুরি পূরণ করলেন ফিন।

একসময় টানা হারলেও এবার ক্রমাগত জিততে শুরু করেছে কেকেআর। অতীতেও টানা ম্যাচ জিতে ভাল ফল করেছে গম্ভীরের কেকেআর। ১০ ম্যাচ খেলে ৪ জয় নিয়ে ৯ পয়েন্ট পেয়ে পয়েন্টস টেবিলের ৭ নম্বরে রাহানেরা। ১৩ মে তাদের পরবর্তী ম্যাচ আরসিবি-র বিরুদ্ধে। সেই ম্যাচে জিতে কি প্লে-অফের আরও কাছে চলে যাবে নাইটরা, নাকি কেকেআরের প্লে-অফ স্বপ্ন ভেঙে দেবেন কোহলিরা ? মাথায় রাখতে হবে, এক ম্যাচ হার মানেই শেষ চারের দৌড়ে পিছিয়ে পড়া। আইপিএল টেবিলটাই যে সাপ লুডোর সিঁড়ি। এক ম্যাচে পদস্খলন মানেই সাক্ষাৎ বিদায় !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *