শপথের দিনেও বৃষ্টি? কালবৈশাখীর দাপটে বিঘ্নিত হবে ব্রিগেডের মেগা অনুষ্ঠান?
কলকাতা: রোদ উঠলেও বাতাসে গত কয়েকদিনের সেই ভ্যাপসা গরম আর নেই। বিক্ষিপ্ত বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়া বর্তমানে বেশ মনোরম। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে, না কি রাজনৈতিক উত্তাপের …
কলকাতা: রোদ উঠলেও বাতাসে গত কয়েকদিনের সেই ভ্যাপসা গরম আর নেই। বিক্ষিপ্ত বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়া বর্তমানে বেশ মনোরম। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে, না কি রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বৃষ্টির তেজ? আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার তো বটেই, শনিবার ব্রিগেডে নতুন সরকারের শপথ গ্রহণের দিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। (Kolkata rain alert Brigade swearing in ceremony)
আগামিকাল শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ চলবে, সেই সময় তিলোত্তমার আকাশ মেঘলা থাকতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে। ফলে শপথ অনুষ্ঠানে বৃষ্টির বাগড়া দেওয়ার একটি আশঙ্কা থেকেই যাচ্ছে।
জেলায় জেলায় কালবৈশাখীর সতর্কতা
আজ শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুই বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় কালবৈশাখী আছড়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
উত্তরবঙ্গের হালহকিকত
পাহাড় থেকে সমতল, উত্তরবঙ্গজুড়েও শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপট জারি থাকবে। আজ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া সিকিম ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
ফের ফিরবে অস্বস্তি
রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির রেশ থাকলেও আগামী সপ্তাহের শুরু থেকেই ছবিটা বদলে যাবে। সোমবার থেকে বুধবারের মধ্যে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। ফলে বৃষ্টির স্বস্তি কাটিয়ে ফের অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করতে হতে পারে বঙ্গবাসীকে।