নানুরে তৃণমূল কর্মী খুনে ধৃত ৪, বিজেপি কর্মী বলে দাবি তৃণমূল নেতৃত্বের
মঙ্গলবার দুপুরে নানুরের সন্তোষপুরে বিজেপির বিজয় মিছিল বের হয়। ওই মিছিল থেকে জনা পঞ্চাশেক লোক ধারালো অস্ত্র নিয়ে তৃণমূলের সন্তোষপুরের বুথ সভাপতি আবির শেখ এবং সক্রিয় কর্মী চাঁদু শেখের উপরে চড়াও হয়। আবিরকে গলা কেটে খুন এবং চাঁদুকে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। আবির ঘটনাস্থলেই মারা যান। চাঁদু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনার পরে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে ধরপাকড় শুরু করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জন-সহ আরও অনেকের নামে অভিযোগ দায়ের হয়। তাঁদের মধ্যে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হেমন্ত দত্ত, সঞ্জয় দাস, লালন দাস ও সুকুমার দাস। বুধবার তাঁদের বোলপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। তৃণমূলের নবনির্বাচিত প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক বিধানচন্দ্র মাঝি বলেন, ‘রাজনৈতিক আক্রোশেই আমাদের বুথ সভাপতিকে খুন করা হয়েছে। অভিযুক্তরা বিজেপি কর্মী।’