পার্ক দখলমুক্ত করে অমিত শাহর নামে মন্দিরের ঘোষণা
এই সময়, হাওড়া: পার্ক দখলমুক্ত করা এবং সেখানে মন্দির নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে মধ্য হাওড়ার রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের রামজি হাজরা লেন এলাকায় একটি পার্কের দখল নিয়ে নেন বিজেপি কর্মীরা। এর পরেই সেখানে যজ্ঞের আয়োজন করা হয় এবং ভবিষ্যতে ওই জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে মন্দির নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে পার্কটি তৃণমূলের নিয়ন্ত্রণে ছিল এবং সাধারণ মানুষের প্রবেশ সেখানে কার্যত বন্ধ ছিল। স্থানীয়দের অভিযোগ তুলে ধরে বিজেপি নেতৃত্ব জানায়, শিশুদের খেলাধুলা থেকে শুরু করে সাধারণ মানুষের অবসর যাপন কিছুই সম্ভব ছিল না ওই পার্কে।