Mamata Banerjee: রীতি মেনে ইস্তফা দিলেন না মমতা, কেন? বড় পদক্ষেপের চিন্তা-ভাবনা? – Bengali News | Why mamata banerjee did not give resignation as per convention
কলকাতা: তিনি এখন প্রাক্তন। যদিও ইস্তফা দেননি এখনও। কিন্তু, বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যুদস্ত হয়েছে তাঁর দল। তিনি নিজেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র (Bhabanipur Assembly Election 2026) থেকে পরাজিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এখন বিধায়কও নন, মুখ্যমন্ত্রীও নন। আইন বলছে, সরকার পতন নিশ্চিত হলেই মুখ্যমন্ত্রীদের ইস্তফা দিতে হয়। সেক্ষেত্রে এখনও ইস্তফা না দিয়ে কি রীতি ভাঙলেন মমতা? এই নিয়ো জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে।
সরকার পতনের পর ইস্তফা দেওয়ার রীতি
২০১১ সাল। ঠিক সেইবারও পরিবর্তনের হাওয়া উঠেছিল বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সরকার গঠন হয়েছিল পশ্চিমবঙ্গে। সেইবারও দেখা গিয়েছিল, ভোট গণনা বা ফলঘোষণার দিনই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০২৬ সালে আরও একটা পরিবর্তন। গতকাল ভোটগণনার কিছু সময়ের পর বিজেপির জয় নিশ্চিত হতেই বুদ্ধদেবের মতোই ইস্তফা দিতে যাওয়ার কথা ছিল মমতারও। কিন্তু, দেখা গেল তিনি ছুটলেন শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্রে। সেখান থেকে বেরিয়ে তিনি অভিযোগ করলেন, ভোট লুঠ করা হয়েছে। আজ এখনও (প্রতিবেদন লেখা পর্যন্ত) ইস্তফা দেননি মমতা।
সময়ে ইস্তফা না দিলে কী হবে?
কেন মমতা ইস্তফা দিলেন না, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি অন্য কোনও পথে হাঁটার পরিকল্পনা রয়েছে? তিনি কি আদালতের দ্বারস্থ হবেন তিনি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপির জয় অনৈতিক। ১০০ আসন চুরি করা হয়েছে। সেই অভিযোগ তুলে আদালতে যেতে পারেন তিনি। রাজনৈতিক সমালোচকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি পরাজয় মানতে পারছেন না? এদিকে, আজ বিকেলেই বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেও ইস্তফা বা তাঁর পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানাতে পারেন বলে চর্চা চলছে।
রীতি মেনে ইস্তফা না দিলে কি রাজভবন কোনও পদক্ষেপ করতে পারে? যে দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, তাদের আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল। কিন্তু, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইস্তফা না দেন, তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায়, সেই নিয়েও চিন্তা-ভাবনা করছে রাজভবন।