Jeet on BJP: বিজেপিকে বাংলায় স্বাগত জানালেন জিৎ, কী লিখলেন টলিউডের ‘Boss’? – Bengali News | Tollywood Actor Jeet post after BJP win In Bengal elections
বাংলার রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই বদলেছে বিনোদন জগতের সমীকরণ। অন্তত, টলিপাড়ার সেলেবদের বেশ কিছু সোশাল মিডিয়া পোস্ট দেখে এটাই মত নেটপাড়ার। আর এরই মাঝে বিজেপিকে বাংলায় সাদর আমন্ত্রণ জানিয়ে নজর কাড়লেন টলিউড সুপারস্টার জিৎ। গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে যিনি বরাবর নিজেকে রাজনীতি থেকে দূরে রেখেছিলেন, সেই জিৎ নতুন ভোরের অপেক্ষায় শুভেচ্ছা জানালেন নতুন সরকারকে। বিজেপি সরকারকে।
সোশাল মিডিয়ায় কী লিখলেন জিৎ?
সোমবার রাতে ভোটের রেজাল্ট আউট হওয়ার পর পরই জিৎ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ ইতিহাস তৈরি হল বাংলায়। শুভেচ্ছা বিজেপিকে তাঁদের দৃষ্টান্তমূলক জয়ের জন্য। বাংলার এক নতুন অধ্যায়ের সূচনা। আশা রাখি, এই রাজনৈতিক পরিবর্তন বাংলার মানুষের জীবনে নতুন উন্নয়ন, কর্মসংস্থান এবং সমৃদ্ধি বয়ে আনবে।”
উল্লেখ্য, দ্বিতীয় দফা বিধানসভা ভোটে আলিপুরের শ্রী সারদা আশ্রম বিদ্য়ালয়ে ভোট দিয়ে বেরিয়ে টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে জিৎ বলেছিলেন, ‘৪ তারিখে কী হচ্ছে দেখে নাও আগে…’। সেদিনের জিতের এই মন্তব্যের সঙ্গে বিজেপি জয় এবং শুভেচ্ছাকে তাঁর অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করছেন। অনেকের মনে আবার প্রশ্ন, তাহলে কি এবার সরাসরি রাজনীতিতেও দেখা যেতে পারে জিৎকে? এর উত্তর হয়তো সময় দেবে।