বাংলায় পরিবর্তনের পরে ‘মেসি কাণ্ড’ নিয়ে বিস্ফোরক শতদ্রু, কী ‘সামনে আনার’ ইঙ্গিত?
নাম না করলেও তিনি কাঠগড়ায় তুলেছেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে, এমনটাই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। ভোটে তাঁর হারের একটি ছবি দিয়ে শতদ্রু বলেন, ‘তোমার খেলা শেষ। আমার খেলা শুরু।’ শতদ্রু আরও দাবি করেছেন, মাঠে ঢোকার কার্ড নেওয়ার জন্য তাঁর উপরে প্রচণ্ড চাপ ছিল। এমনকী, তাঁর সংস্থার লোকেদের একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল ভয় দেখিয়ে। ব্ল্যাকমেল করা হয়েছিল।
এতদিন কেন চুপ ছিলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন। একটি পোস্টে শতদ্রু লেখেন, ‘আমাকে জেলে ঢুকিয়ে আমার পরিবারকে টার্গেট করা হয়েছিল। বলা হয়েছিল, আমি মুখ খুললে আমার পরিবারকে শেষ করে দেওয়া হবে। আমি চুপ ছিলাম আমার পরিবারকে বাঁচাতে। কিন্তু আর নয়।’ খুব তাড়াতাড়ি সাংবাদিক সম্মেলন ডেকে সব ফাঁস করবেন বলে জানিয়েছেন শতদ্রু।