প্লে-অফের লড়াইয়ে মুখোমুখি চেন্নাই-দিল্লি, জিতলেই বাড়বে আশা
দুই দলই ৮ পয়েন্টে, প্লে-অফে থাকতে জয় জরুরি। দিল্লির ঘরের মাঠে আজ চেন্নাইয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা।
Kolkata, May 5: আইপিএল ২০২৬-এ এখন শুধু দৌড় প্লে-অফের। আজ (মঙ্গলবার) সিজনের ৪৮তম ম্যাচে মুখোমুখি লড়বে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।
এই মরসুমে শুরুটা ভালো করলেও ক্রমে পিছিয়ে পড়েছে দিল্লি ক্যাপিটালস। মোট ৯ ম্যাচের মধ্যে ৪টি জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করে এই মুহূর্তে সপ্তম স্থানে দিল্লি। টানা তিন ম্যাচে পরাজিত হয়ে শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় পেয়েছিল অক্ষর প্যাটেলের দল। শক্তিশালী রাজস্থানকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে এই শিবিরের। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে ঘরের মাঠে আজকের ম্যাচটি জেতা খুবই জরুরি।
উল্টোদিকে, একই পরিস্থিতি চেন্নাই শিবিরের। দলে ধারাবাহিকতার অভাব চেনা রূপে নিজেদের মেলে ধরতে পারছে না চেন্নাই সুপার কিংস। মোট ৯ ম্যাচ খেলে চেন্নাইও ৪টে ম্যাচে জয়ী। তারাও সংগ্রহ করেছে ৮ পয়েন্ট। কিন্তু নেট রান রেট দিল্লির তুলনায় বেশি থাকায় তাদের এক স্থান উপরে ষষ্ঠ স্থানে সঞ্জু স্যামসনরা। প্লে-অফের আশা সীমিত। তবুও আজ লড়াই করবে হলুদ শিবির।
আইপিএল ইতিহাসে চেন্নাই ও দিল্লি এই দুটি দল মোট ৩২ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে চেন্নাই সুপার কিংস ২০টি ম্যাচে জিতেছে এবং দিল্লি ক্যাপিটালস ১২টি ম্যাচে বিজয়ী হয়েছে। এই পরিসংখ্যানে চেন্নাই এগিয়ে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের দিল্লির আকাশ পরিষ্কার থাকবে। গড় আর্দ্রতা থাকবে ৪৪ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ে প্রত্যাশিত তাপমাত্রা ৩০° সেলসিয়াস থাকবে।
অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেটটি ব্যাটিংয়ের জন্য ভালো। এখানে নতুন বলে সিম মুভমেন্ট দেখা যায়। এখানকার বাউন্স ভালো, এবং বলও সুন্দরভাবে ব্যাটে আসে। এখানকার বাউন্ডারিগুলো বেশ ছোট এবং আউটফিল্ড দ্রুতগতির। দ্বিতীয় ইনিংসে শিশিরও পড়তে পারে। তাই টস গুরুত্বপূর্ণ হবে।
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশ:
কেএল রাহুল (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, নীতীশ রানা, সমীর রিজভি, ট্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, কাইল জেমিসন, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, টি নটরাজন।
ইমপ্যাক্ট প্লেয়ার: করুণ নায়ার।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ:
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), উরভিল প্যাটেল, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, প্রশান্ত বীর, নুর আহমেদ, অনশুল কম্বোজ, মুকেশ চৌধুরী।
ইমপ্যাক্ট প্লেয়ার: কার্তিক শর্মা।