প্রথা মেনেই বদল, হাতে হাত রেখেই ১০ বছর পরে কেরালায় ক্ষমতায় কংগ্রেস
ইউডিএফ ভোটের আগে থেকেই জেতার দাবি করলেও মুখ্যমন্ত্রী–মুখ হিসেবে কারও নাম সামনে আনেনি। ফল ঘোষণার ট্রেন্ডে জয় নিশ্চিত হওয়ার পরে কংগ্রেস নেতা উম্মেন চণ্ডী, রমেশ চেন্নিথালা এবং ভিডি সাথীসনের নাম শোনা যাচ্ছে। প্রথম দু’জন কংগ্রেস রাজনীতিতে পরিচিত মুখ। তবে অনেকেই কেরালায় কংগ্রেস তথা ইউডিএফের ঘুরে দাঁড়ানোর নেপথ্যে বিধানসভায় গত পাঁচ বছর ধরে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করা সাথীসনকেই কৃতিত্ব দিচ্ছেন। উপদলীয় কোন্দলে কিছু দিন আগে পর্যন্ত বেজায় বিড়ম্বনায় থাকা কংগ্রেসকে ঐক্যবদ্ধ ভাবে ভোটের ময়দানে অবতীর্ণ করানো এবং মসৃণ ভাবে ইউডিএফে আসন বণ্টনের কৃতিত্ব তাঁরই। এখন দেখার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা কাকে বেছে নেন মুখ্যমন্ত্রী হিসেবে। সন্ধ্যায় সাথীসন সংবাদমাধ্যমে বলেন, ‘এই জয়ের কৃতিত্ব কংগ্রেসের সাধারণকর্মীদের। যত আসনে লড়ছে কংগ্রেস তার যত শতাংশে জিতেছে, তেমনটা আগে কখনও হয়নি। দু’দিনের মধ্যে কংগ্রেস হাইকম্যান্ড মুখ্যমন্ত্রী পদে নাম ঘোষণা করবে।’ অন্য দিকে, সিপিএম রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন বলেছেন, ‘কী কারণে পরাজয় তা খতিয়ে দেখবে এলডিএফ। ত্রুটি–বিচ্যুতি সংশোধন করা হবে সেই মতো।’