Rachna on BJP Workers: জয় ঘোষণার আগেই BJP কর্মীদের সঙ্গে হাসিমুখে সেলফি রচনার – Bengali News | Rachna Banerjee click photo with bjp workers in hooghly
রচনা বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
হুগলি: তৃণমূল (TMC) দুই অঙ্কে। আর বিজেপি (BJP) তিন অঙ্কে। রাজ্যে উঠেছে গেরুয়া ঝড়। হেরে যাচ্ছেন প্রায় হেভিওয়েট সব তৃণমূলের নেতা-মন্ত্রীরা। তবে, এই মুহূর্তে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে সৌজন্য তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee)। বিজেপি সমর্থকদের সঙ্গে সেলফিতে পোজ দিলেন তিনি।
আজ দিকে-দিকে বিজেপির প্রার্থীদের এগিয়ে থাকার খবর উল্লাস দেখা গিয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা আবির নিয়ে ময়দানে নেমে পড়েছেন। যদিও, বিজয় মিছিল বের করতে বারণ করা হয়েছে কমিশনের তরফে। তবে, উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তাঁরা। হুগলির চুঁচুড়ায় পিপুল পাতির মোড়ে এসে উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে বিজেপি কর্মীরা সৌজন্য বিনিময় করেন। কর্মীদের সঙ্গে সেলফি তোলেন তৃণমূল সাংসদ রচনা।
রচনা বলেন, “আমি সাংসদ সবার সঙ্গে কথা বলতেই পারি। সবাই মানুষ তাই ছবি তোলায় আপত্তি নেই। রাম তো আমাদের ভগবান পুজো করি। আমরা জয় বাংলা বলি।আমাদের ১৪ কোটি দেবতা।” প্রসঙ্গত, চুঁচুড়ায় পিছিয়ে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। সেখানে জয়ের পথে বিজেপি। এবার প্রার্থী না হতে পেরে আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন অসীত মজুমদার। তাঁর বক্তব্য ছিল, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নাকি মমতা-অভিষেকের কান ভাঙিয়ে তাঁকে টিকিট দেয়নি। দেবাংশু হারবে বলে জানান তিনি। পরে যদিও সব ক্ষোভ মিটিয়ে দেবাংশুর প্রচারে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সেই জায়গাতেই এবার দেখা গেল পিছিয়ে দেবাংশু। এগিয়ে রয়েছেন বিজেপির সুবীর নাগ। প্রসঙ্গত, চুঁচুড়ায় রচনা আর অসিতের গোষ্ঠী কোন্দল আজকের নয়। সাংসদ হয়ে আসার পর থেকেই এই রচনার সঙ্গে অসিতে মনোমালিন্য প্রকাশ্যে আসতে শুরু করেছিল। তার ফলই কি এবার পড়ল ছাব্বিশের ভোটে?