ভাষা আন্দোলনের নীরব সাক্ষী পাকবিড়রার মাঠ
প্রশান্ত পাল, পুরুলিয়া
‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল…।’
গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গাইছেন চিত্তভূষণ দাশগুপ্ত। গলা মেলাচ্ছেন হাজার সত্যাগ্রহী। তাঁরা গাইছেন ভজহরি মাহাতোর লেখা গান, ‘আমার বাংলা ভাষা প্রাণের ভাষা রে, ও ভাই মারবি তোরা কে তারে!’ পুরুলিয়ার পুঞ্চার পাকবিড়রা বটতলা থেকে এই গান গেয়ে ১০০৫ জন সত্যাগ্রহী রওনা হলেন কলকাতায়। অবিভক্ত মানভূমের গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের সেই ইতিহাসের সাক্ষী পাকবিড়রার এই মাঠ।