Kalighat OC Controversy: কালীঘাট থানার নয়া ওসির নামে ‘ঝুলছে মামলা’, দাবি বিজেপি প্রার্থীর, সিপিকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ কমিশনের – Bengali News | Controversy Over Kalighat OC Appointment: EC Seeks Report from Kolkata CP
কলকাতা : কালীঘাট থানার নয়া ওসি (Kalighat OC) করা হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে (Chameli Mukherjee)। এর আগে ওসি ছিলেন গৌতম দাস। আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে সাসপেন্ড করা হয়। তার বদলে দায়িত্ব দেওয়া হয় চামেলিকে। কিন্তু, এবার শোনা যাচ্ছে, চামেলির বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ তুলেছে বিজেপি। ইতিমধ্যেই সেই অভিযোগ কলকাতার পুলিশ কমিশনার অজয়কুমার নন্দকে (Kolkata Police CP) খতিয়ে দেখতে বলেছে কমিশন।
নয়া ওসি নিয়ে কী অভিযোগ?
চামেলির নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী মানব গুহ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, চামেলির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। তিনি চামেলির সঙ্গে ‘আসামি’ শব্দটিও জুড়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, “এরপরেও কি নির্বাচন কমিশন তাঁকে কালীঘাট থানার ওসি রাখবে? অভিযুক্ত আসামি কি করে থানার ওসি হয়, নির্বাচনের সময়? নির্বাচন কমিশনে কি পুলিশ অফিসার চামেলি মুখোপাধ্যায় জানিয়েছেন, তার বিরুদ্ধে আলিপুর আদালতে একটা মামলা চলছে, যেখানে তিনি হাজিরা দেননি?”
এই অভিযোগ ওঠার পরই বিষয়টা কলকাতার পুলিশ কমিশনারকে খতিয়ে দেখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, কালীঘাট থানার নয়া ওসি নিয়ে অভিযোগ রয়েছে। তাই সিপিকে বলে হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে। ওনার বিরুদ্ধেও যে অভিযোগ আছে সেটা জানা ছিল না কমিশনের। যদি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে তাহলে তিনি ভোটের কাজে থাকতে পারে না।
উর্দি পরে হাতে বন্দুক নিয়ে বিতর্কে জড়ায় কালীঘাটের প্রাক্তন ওসি গৌতম দাস। আগ্নেয়াস্ত্র হাতে ছবির সঙ্গে লেখা ছিল ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি’। এই ছবি প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক তৈরি হয়। সিইও দফতরে চিঠি দেন রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। প্রশ্ন তোলা হয়, এই আগ্নেয়াস্ত্র চালানোর জন্য তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কি না। উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় তৃণমূল।