মেছো নয়, গেছোও নয়, মালদায় ঘুরে বেড়াচ্ছে ‘ফর্সা ভূত’! ভাইরাল ভিডিয়োয় জোর চর্চা
কিন্তু ‘ভূত’-এর দৌরাত্ম্যের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে গভীর রাতে ওই পথে যাতায়াত কমে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, মধ্যরাতে সাদা কাপড় মুড়ে একজন অন্ধকারের মধ্যে হেঁটে চলেছে। কিছুক্ষণ পরে তাকে আর দেখা যাচ্ছে না। সিসিটিভি ক্যামেরায় ‘ভূত’ দেখে ছুটে পালাতে দেখা গিয়েছে দুই যুবককে। এতেই দু’য়ে দু’য়ে চার করে অনেকে জানিয়েছেন, সাবওয়ে সংলগ্ন রেললাইনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে অনেকেই আত্মহত্যা করেছেন। ফলে অশরীরী আত্মা তো থাকবেই। সাদা কাপড় মুখে থাকায় অনেকে এর নাম দিয়েছেন- ফর্সা ভূত। ঘটনার কথা জানেন পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের মালদা শাখার সভাপতি সুনীল দাস। তিনি বলেন, ‘ভূত বলে কিছু হয় না। এ সব বুজরুকি। এখন বৈশাখ মাস। মালদার বিভিন্ন এলাকায় মুখা নাচ, গম্ভীরা উৎসব হয়। সে সব উৎসবে কেউ হয়তো বিভিন্ন ধরনের মুখা পড়ে বেশভূষা পাল্টে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনিই হয়তো সিসি ক্যামেরায় ছবি হয়েছেন। সেটাই কেউ বা কারা সোশ্যাল মিডিয়ায় ‘ভূত’ আতঙ্ক বলে ভাইরাল করেছে।’ তাঁর সংযোজন, ‘এ রকম ভাবে যারা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।’ মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, নির্দিষ্ট কোনও অভিযোগ পেলে অবশ্যই খোঁজ নিয়ে দেখা হবে।