ভোট গণনার আগেই মোথাবাড়ি কাণ্ডে তৃণমূল প্রভাবশালীদের NIA তলব
মোথাবাড়ি: এনআইএ-র নোটিসে তোলপাড় কালিয়াচক। (Mothabari)মালদা জেলার কালিয়াচকের মথাবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের একাধিক প্রভাবশালী নেতা ও কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই ঘটনায় স্থানীয় …
মোথাবাড়ি: এনআইএ-র নোটিসে তোলপাড় কালিয়াচক। (Mothabari)মালদা জেলার কালিয়াচকের মথাবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের একাধিক প্রভাবশালী নেতা ও কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নোটিস পেয়েছেন তৃণমূল নেত্রী সাবিনা ইয়াসমিনের এজেন্ট আবদুল রহমান এবং তৃণমূলের ১ নম্বর ব্লক সভাপতি মহম্মদ শরীউলসহ একাধিক প্রভাবশালী ব্যক্তি। দুপুর ১২টার মধ্যে এনআইএ দফতরে হাজির হতে বলা হয়েছে তাঁদের। ১ এপ্রিলের ঘটনার পরিপ্রেক্ষিতে এই তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। ১ এপ্রিল বিচারবিভাগীয় আধিকারিকদের আটক করার ঘটনাকে কেন্দ্র করেই এই তলব এমনটাই জানা গিয়েছে।
আরও দেখুনঃ পিছনের সিটে ফাইলভর্তি ব্যাগ, গাড়ির নম্বর প্লেটে এক্স আর্মি, কার ইশারায় চলছে খেলা?
আবদুল রহমান ও মহম্মদ শরীউলের মতো প্রভাবশালী নেতাদের তলব পাওয়ায় তৃণমূল শিবিরে চাপা অস্বস্তি দেখা দিয়েছে। দলের একাধিক কর্মী জানিয়েছেন, এই নোটিসের পর এলাকায় নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হতে পারে। তবে তৃণমূলের কিছু নেতা বলছেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যাঁদের তলব করা হয়েছে, তাঁরা সব প্রশ্নের উত্তর দেবেন।
গত ১ এপ্রিল কালিয়াচকে মোফাক্কেরুল ইসলামের উস্কানিতে একদল লোক সাতজন বিচারবিভাগীয় আধিকারিককে আটকে রেখে হয়রানি করেন। ঘটনার পর স্থানীয় প্রশাসন সতর্ক হয়। কিন্তু বিষয়টি যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, তখনই এনআইএ-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এনআইএ ইতিমধ্যে এলাকায় একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছে। এখন প্রভাবশালী নেতাদের সরাসরি তলব করে তদন্ত আরও গভীরে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে আগামীকাল ভোট গণনা। এই আবহেই তৃণমূলের এই প্রভাবশালীদের তলব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে ১ এপ্রিলের এই নক্কারজনক ঘটনা যখন ঘটে তখন অনেকেই মোফাক্কেরুলের সঙ্গে তৃণমূলের যোগসাজসের প্রমান দিয়েছিলেন। পাওয়া গিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং খোদ মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে তার ছবি। তাই কেন্দ্রীয় সংস্থার তদন্তের খাতিরে এবার তৃণমূল প্রভাবশালীদের ডাক পড়াকে অনেকেই তাতপর্যপূর্ণ বলে মনে করেছেন।