দইবড়া খেতে ভালোবাসেন? ওডিশায় কিন্তু সাংঘাতিক ঘটনা ঘটেছে…
দইবড়া খেয়ে বমি, পায়খানা। ওডিশার জাজপুরের একটি গ্রামের প্রায় ৫০ জন অসুস্থ। রাস্তার ধারের একটি দোকান থেকে ওই দইবড়া কিনে খেয়েছিলেন তাঁরা। অভিযোগ, বাড়ি ফেরার পরে থেকেই শরীরে অস্বস্তি হতে থাকে। এর পরেই ঘরে ঘরে পেটের গোলমাল, বমির খবর আসতে থাকে। খবর পেয়ে গ্রামে পৌঁছয় মেডিক্যাল টিম।
সূত্রের খবর, দইবড়া বিক্রেতা শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই এলাকায় আসেন। সাড়ে ৯টা-১০টা অবধি ছিলেন। সেখান থেকেই দইবড়া কেনেন স্থানীয় লোকজন। সেখান থেকেই দইবড়া কিনে খান আশেপাশের গ্রামের বাসিন্দারা। এর পরেই এই ঘটনা।
পরিস্থিতি এমন হয় ৫২ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাঁদের জাজপুর জেলাসদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জাজপুরের চিফ ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার (CDMO) বিজয়কুমার মিশ্র জানান, ৫২ জনের মধ্যে শিশু ও মহিলাও আছেন।
হাসপাতাল সূত্রে খবর, ২৫ জন শিশু-সহ আরও ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামে চিকিৎসা চলছে আরও ৬ জনের। এনডিটিভিকে জাজপুরের CDMO বিজয়কুমার মিশ্র জানান, প্রত্যেক রোগীই স্থিতিশীল। কয়েক জনের হালকা জ্বর আছে। জাজপুর ডিস্ট্রিক্ট কালেক্টর অম্বরকুমার কর জানান, ২১ জনকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
জেলা সদর হসপিটাল বা DHH-এ যান ওডিশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং ও জাজপুরের সাংসদ রবীন্দ্রকুমার বেহরা। খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। দইবড়ার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। খোঁজ চলছে ওই দইবড়া বিক্রেতার।