CSK vs MI IPL 2026 Preview: ‘নির্বিষ’ ক্লাসিকোয় আজ নজরে রোহিত ও ধোনি! – Bengali News | CSK vs MI : Battle for Survival as Chennai and Mumbai Face Off in a Faded ‘El Clasico’.
কলকাতা : নামেই ‘এল ক্লাসিকো (El Classico)’, কিন্তু ক্লাসিকোর ছিঁটেফোঁটাও নেই। এই আইপিএলে কী হয়েছে চেন্নাই (Chennai Super Kings) ও মুম্বইয়ের (Mumbai Indians) ? দুই সফল দলকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না আইপিএলের ম্যাচগুলিতে। আজ সন্ধ্যার ম্যাচে চিপকে মুম্বই খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে। এই বছর আগেও একবার মুখোমুখি হয়েছে এই দুই দল। সেখানে ১০৩ রানে মুম্বইকে হারিয়েছিল চেন্নাই। সেঞ্চুরি করেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। আইপিএলের (IPL 2026) ইতিহাসে ওটাই মুম্বইয়ের সবথেকে বড় ব্যবধানে হার। তবে আজ যে কে এগিয়ে আছে, সেটাও বলা সম্ভব না।
কারণ ১, দুই দলের অবস্থা খুব খারাপ। ৮ ম্যাচ খেলে ৩ জয় ও ৫ হারসহ ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৭ নম্বরে আছে চেন্নাই। উল্টোদিকে, ৮ ম্যাচ খেলে ২ জয় ও ৬ হারসহ ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে মুম্বই। আজ মুম্বই হারলেই আইপিএলের প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে যাবে ৫ বারের চ্যাম্পিয়নদের।
কারণ ২, ধোনি ও রোহিতের না থাকা। ৮ ম্যাচ হয়ে গেলেও কবে মাঠে নামবেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি, জানে না কেউই। রোহিত শুরুর দিকেই কয়েকটি ম্যাচ খেলে চোটের কারণে বাইরে চলে গিয়েছিলেন। তাঁকে নিয়ে মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে বলেছেন,”রোহিতের খেলা বা না খেলা নিয়ে সব সিদ্ধান্তই নেবে মেডিক্যাল বোর্ড। ওঁদের সঙ্গে কথা বলেই রোহিতের খেলা নিয়ে ভাবা হবে।” ধোনিকে নিয়ে ব্যাটিং কোচ মাইক হাসি বললেন,”আপাতত এমএস দৌড়োনোর ওপর জোর দিচ্ছে। খুব জলদিই ওকে মাঠে দেখা যাবে। ব্যাটিং বা কিপিংয়ের জন্য ও তৈরী হলেও দৌড়টাই চিন্তা।”
এবার সূর্যকুমারের অফ ফর্মও চিন্তা বাড়াচ্ছে দলের অন্দরে। মাহেলা আশার কথা বললেও তাঁর অফ ফর্মের খেসারত দিচ্ছে মুম্বই। এদিকে আবার চোট পেয়ে প্রায় একমাসের জন্য ছিটকে গিয়েছেন মিচেল স্যান্টনার। যদি মুম্বই প্লে-অফে কোয়ালিফাই না করতে পারে, তাহলে আইপিএল যাত্রাই শেষ হয়ে যাবে তাঁর। সব মিলিয়ে, একসঙ্গে খাদের ধার দিয়ে হাঁটছে দুই দল। একদিকে, মুম্বই আজ হারলে যেমন শেষ চারের আশা শেষ হয়ে যাবে সূর্যদের, তেমনই চেন্নাই হারলে তাদেরও শেষ চারের আশা প্রায় শেষ। ‘প্রায়’ বলার একটাই কারণ, চেন্নাই মুম্বইয়ের থেকে এক ম্যাচ বেশি জিতেছে। আজকের ম্যাচের দিকেই তাই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।