Suvendu Adhikari: ‘আমার এক্সিট পোলের দরকার নেই’, শুভেন্দু কেন একথা বললেন? – Bengali News | WB Assembly Election 2026: Suvendu Adhikari reaction over Exit Poll 2026
নন্দীগ্রাম : প্রথম থেকেই তিনি ‘কনফিডেন্ট’। হাইভোল্টেজ দুই কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram) ও ভবানীপুরের (Bhabanipur) বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বারবার দাবি করেছেন, এবার বিজেপিই সরকার গঠন করবে বাংলায়। কত সিটে জিতবে দল, ভবিষ্যদ্বানীও করেছেন আগে। দুই দফার নির্বাচনের (West Bengal Assembly Election 2026) পর বিভিন্ন সংস্থার এক্সিট পোলও (Exit Poll 2026) দেখাচ্ছে বিজেপিই (BJP) ‘জিতছে’। যদিও বুথফেরত সমীক্ষা কোনও নির্বাচনের চূড়ান্ত ফল নয়। এদিকে, শুভেন্দু বলছেন বুথ ফেরত সমীক্ষার ফল দেখার তাঁর প্রয়োজন নেই। তাঁর মুখে শোনা গেল প্র্যাকটিক্যাল পোল-এর কথা। কী বললেন শুভেন্দু?
শুভেন্দু বিশ্বাস করেন ‘প্র্যাকটিক্যাল পোল’-এ?
নির্বাচনের ফলাফল নিয়ে শুভেন্দু অধিকারী আশাবাদী। বৃহস্পতিবার, নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাজ্যে পরিবর্তনের ঢেউ উঠেছে এবং বিজেপি সরকার গঠন করতে চলেছে। শুভেন্দু বলেন,”আমার কোনও বুথ ফেরত সমীক্ষা দেখার প্রয়োজন নেই। আমি নিশ্চিত যে বিজেপি ক্ষমতায় আসছে। ২০১১ সালের থেকেও এবার পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা মানুষের মধ্যে অনেক বেশি।’ বুথ ফেরত সমীক্ষা বা তৃণমূলের প্রত্যাবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন শুভেন্দু। তিনি দাবি করেছেন, ‘হিন্দুরা জোটবদ্ধ হয়ে ভোট দিয়েছে এবং মুসলিম ভোটের একটি বড় অংশও (প্রায় ৮ শতাংশ) বিজেপির পক্ষে এসেছে।’
তৃণমূলের ইভিএম চুরির অভিযোগ, কী বললেন শুভেন্দু?
নন্দীগ্রাম ও ভবানীপুরে তৃণমূলের এজেন্ট খুঁজে না পাওয়া এবং গণনা কেন্দ্রে গণ্ডগোল করার আশঙ্কার কথা উল্লেখ করে তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুভেন্দু বলেন, ‘ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের এজেন্টরা বসতে না চাওয়ায় ছোট ছোট ছেলেদের ২-৩ হাজার টাকা দিয়ে এজেন্ট হিসেবে বসানো হয়েছিল। গণনার দিনও তৃণমূলের লোকই খুঁজে পাওয়া যাবে না।’ তৃণমূলের পক্ষ থেকে ইভিএম চুরির আশঙ্কার কথা বলা হচ্ছে, সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তাদের দীর্ঘ ১৫ বছরের পুরনো অভ্যাস যা সহজে যাবে না।’ ইতিমধ্যেই নন্দীগ্রামে বুথ ভিত্তিক পর্যালোচনা শেষ করেছে বিজেপি। এ প্রসঙ্গে শুভেন্দু জানান, তাঁরা গণনার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তৃণমূলের কোনও বাধা কাজে আসবে না।
রাজ্যে দুই দফার নির্বাচন মিটেছে শান্তিপূর্ণভাবে। ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থা তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করেছে। প্রায় সব সংস্থা এই বিধানসভা নির্বাচনে এগিয়ে রেখেছে বিজেপিকে। যদিও বুথফেরত সমীক্ষা কোনও নির্বাচনের চূড়ান্ত ফল নয়। তবে, এই জনমত সমীক্ষাকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। এক্সিট পোল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সব পরিকল্পিত, বিজেপির কারসাজি। তিনি আত্মবিশ্বাসী, তৃণমূলই সরকার গঠন করবে বাংলায়। শুধু তাই নয়, ২২০ থেকে ২২৬ আসনে জিতবে তৃণমূল, এমনই ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।