Singur Accident: মর্মান্তিক! গয়ায় পিন্ডদান সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু বাবা-মা ও ২ বোনের - Bengali News | 4 killed in Road accident in Singur - 24 Ghanta Bangla News
Home

Singur Accident: মর্মান্তিক! গয়ায় পিন্ডদান সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু বাবা-মা ও ২ বোনের – Bengali News | 4 killed in Road accident in Singur

Spread the love

সিঙ্গুর : মর্মান্তিক ঘটনা। ভয়াবহ পথদুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। জানা গিয়েছে, গয়ায় পিন্ড দান করতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার মুখে পড়ে তাঁদের গাড়ি। ওই গাড়িতে চালক-সহ ১০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ি। সিঙ্গুরের (Singur Road Accident) রতনপুরের ঘটনা।

কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে?

শুক্রবার ভোটে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ডানকুনি থেকে একটি পরিবার ও তাঁদের আত্মীয় স্বজন মিলে মোট ১০ জন সদস্য গয়ায় পিন্ডদান করতে গিয়েছিলেন। আজ ভোরবেলা বাড়ি ফিরছিলেন। ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে দুর্ঘটনার কবলে পড়ে ওই গাড়ি। পুলিশ সূত্রে খবর, ভোরবেলা নিয়ন্ত্রন হারিয়ে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে ওই গাড়ি।

বাবা-মা ও দুই মেয়ের মৃত্যু 

ঘটনায় দুমড়ে মুচরে যায় গাড়িটি। গুরুতর আহত অবস্থায় গাড়িতে চালকসহ ১০জনকে উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চারজনই বাবা-মা ও দুই মেয়ে। মৃতেরা হলেন পরিতোষ কীর্তনীয়া(৫৯), কাজল কীর্তনীয়া (৫৫), দুই মেয়ে ফুলি মুখোপাধ্যায়(৩৩), মিঠু বাগ(৩১)। প্রত্যেক বাড়িই ডানকুনি থানা এলাকায়।

অপরদিকে ঘটনায় আহত আরও ৬ জনের মধ্যে ৫ জনকে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টার থেকে ওয়ালশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতের মধ্যে একজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। বাকিদের চিকিৎসা চলছে।

তপন কীর্তণীয়া নামে এক আত্মীয় বলেন, “গয়ায় পিন্ড দিতে গিয়েছিল জ্যাঠা-জেঠি ও দুই বোন। বাড়িতে ফিরছিল। ডাম্পারের সঙ্গে লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে। একই পরিবারের ১০ জন গিয়েছিল। আমাকে ফোন করেছিল ডানকুনি থেকে। শুনলাম জ্যাঠা মারা গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *