মাঠে বাধ্যতামূলক U-21 ফুটবলার! তরুণদের সুযোগে ফিফার নতুন প্রস্তাব
FIFA প্রস্তাব, প্রতিটি ম্যাচে অন্তত একজন হোমগ্রোন অনূর্ধ্ব-২১ ফুটবলার খেলাতে হবে, তরুণদের বড় মঞ্চে সুযোগ বাড়ানোর লক্ষ্য
Kolkata, May 1: বিশ্ব ফুটবলে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ফিফা। এখন থেকে প্রতিটি ক্লাবকে মাঠে একজন স্থানীয় অনূর্ধ্ব-২১ বা অনূর্ধ্ব-২০ ফুটবলারকে নামতেই হবে। – এমনটাই প্রস্তাব ফিফার। যদিও এই নিয়ম এখনো চালু হয়নি। বিষয়টি শুধু প্রস্তাবিত মাত্র।
ইংলিশ প্রিমিয়ার লিগে এখন ২৫ জনের স্কোয়াডে সর্বোচ্চ ১৭ জন বিদেশি ফুটবলার রাখার নিয়ম রয়েছে। সেক্ষেত্রে অন্তত ৮ জন স্থানীয় খেলোয়াড়কে দলে রাখতে হবে। এই নিয়মে অনেক স্থানীয় খেলোয়াড় ম্যাচের দিন শুধুই বেঞ্চে বসে কাটায়। যেহেতু এর জন্য আলাদা কোনো নিয়ম নেই। তাই ফিফা প্রস্তাব করেছে এখন থেকে প্রতিটি দলকে ম্যাচের সময় অন্তত একজন স্থানীয় অনূর্ধ্ব-২১ বা অনূর্ধ্ব-২০ ফুটবলারকে খেলাতে হবে।
আরও পড়ুন: ফাস্ট বোলার গড়ার বড় উদ্যোগ ! প্রজেক্ট ‘গতিতে’ গতি পাবে বাংলার ক্রিকেট?
ইতিমধ্যে ফিফার কাউন্সিল প্রস্তাবিত বিষয়টি পরামর্শগ্রহণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত সর্বসম্মতিতে নিয়েছে। ছয়টি কনফেডারেশনের সভাপতিদের সঙ্গে আলোচনাও শেষ। আগামী এক বছরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত ফিফা কাউন্সিলে পেশ হবে। মনে করা হচ্ছে, আলোচনার ইতিবাচক দিক থেকে খুব শীঘ্রই এই নিয়ম চালু হতে পারে।
ফিফার এই প্রস্তাবের উদ্দেশ্য তরুণ খেলোয়াড়দের তারকা ফুটবলারদের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো। এতে ক্লাবগুলোর বিদেশী, নামি দামি খেলোয়াড়দের উপর একান্ত নির্ভরতা কমবে এবং অনেক তরুণ তারকার উদয় হবে। এই নিয়ম চালু হলে স্থানীয় তরুণ খেলোয়াড়রা অনেক কম বয়সেই অভিজ্ঞতা অর্জন করবে এবং নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে।
আরও পড়ুন: দুই ম্যাচেই খুলে যাবে বিশ্বকাপের দরজা? আশায় ভারতীয় ফুটবল দল !
এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ দিক হল খেলোয়াড়টিকে অবশ্যই ‘হোমগ্রোন’ হতে হবে। অর্থাৎ সেই ক্লাবের নিজস্ব একাডেমি বা সেই দেশের স্থানীয় পর্যায় থেকে উঠে আসতে হবে। প্রস্তাবিত বিষয়ের এই দিকটিও আলোচনার অধীন। তবে এই নিয়ম বড় থেকে মাঝারি, সব ধরণের ক্লাবের জন্য প্রযোজ্য।